Tuesday, November 15, 2016

শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৮ দিনেও উদ্ধার হয়নি

ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছরের এক কন্যা শিশুকে অপরহরণ করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। গত ৮ নভেম্বর উপজেলার উত্তর গামারীতলা গ্রামের জুয়েল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার অপহৃত হন। অপহরণের পর থেকে শিশুটির পরিবারের কাছে মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে অপহরণকারীরা। এলাকাবাসী জানায়, উত্তর গামারীতলা গ্রামের জুয়েল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে জুয়েলের চাচাতো ভাই আলমগীর হোসেন (২০) তারই ছোট বোন ইতি নামের একটি মেয়েকে দিয়ে দাওয়াত খাওয়ানোর কথা বলে ডেকে নেয়। এসময় একই গ্রামের আবুল কাশেম সুমাইয়াকে কোলে তুলে নিয়ে যায়।
এরপর থেকে পরিবারের লোকজনের কাছে ২ লাখ টাকা দাবি করে আসছে অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে সুমাইয়াকে মেরে ফেলার হুমকিও দেয় তারা।  এ ঘটনায় রোববার রাতে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন সুমাইয়ার বাবা। মামলা নং-০৫। জুয়েল মিয়া বলেন আলমগীর, আবুল কাশেম, রিপন ও মজু মিয়া মিলে আমার মেয়েকে অপহরণ করেছে। এ ঘটনায় আলমগীরের মা, রিপনের স্ত্রী ও মজুর স্ত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে সোমবার ময়মনসিংহ আদালতে আলমগীরের ছোট বোন ইতির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শওকত আলম পিপিএম বলেন, আসামি গ্রেফতার ও শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

No comments:

Post a Comment