মিয়ানমারে
হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা মুসলিমদের গ্রামে গুলিবর্ষণ করেছে দেশটির
সেনাবাহিনী। খবর বিবিসির। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সেনাদলের ওপর
এক অতর্কিত হামলায় দুজন সৈন্য এবং ছয়জন হামলাকারী নিহত হওয়ার পর
হেলিকপ্টারে ওই হামলা চালানো হয়। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে বেশ কিছু
গ্রাম পুড়িয়ে দেওয়ারও খবর পাওয়া গেছে। অং সান সুচির নেতৃত্বাধীন মিয়ানমার
সরকার এসব সংঘর্ষকে হামলাকারীদের খোঁজে 'ক্লিয়ারেন্স অপারেশন' হিসেবে
অভিহিত করছে। মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত কিছু
ছবিতে দেখা গেছে বেশ কয়েকটি গ্রাম পুড়ে ছাই হয়ে গেছে। সংস্থাটির দাবি,
অন্তত ৪৩০ টি ভবন অগ্নিদগ্ধ হয়েছে।
রোহিঙ্গা
আন্দোলনকর্মীরা বলছে, সরকার মুসলিম সংখ্যালঘুদের দেশ থেকে বের করে দিতে
এভাবে শুদ্ধি অভিযান চালাচ্ছে। রোহিঙ্গাদের ওপর হামলা প্রায়ই এ ধরণের
অভিযান চালায় সেনাবাহিনীর। মিয়ানমারের সরকার সাংবাদিকদের রাখাইন রাজ্যে
প্রবেশ করতে দিচ্ছে না। যার ফলে সংঘর্ষের মাত্রা স্বাধীনভাবে যাচাই করাও
সম্ভব হচ্ছে না। সরকারি বিবৃতি অনুযায়ী, শনিবার সেনাদলের ওপর একদল লোক
আগ্নেয়াস্ত্র, ছুরি এবং বল্লম নিয়ে হামলা চালায়। একপর্যায়ে প্রায় ৫০০
মানুষ সেনাদলের বিরুদ্ধে অবস্থান নেয় এবং সৈন্যদের সাহায্যার্থে দুটি
হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা গ্রামে গুলি চালানো হয়। হিউম্যান রাইটস
ওয়াচের এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বলছেন, নতুন প্রকাশিত ছবিতে
ব্যাপকহারে ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে যা আগের ধারণার চেয়ে অনেক বেশি।

No comments:
Post a Comment