Saturday, November 12, 2016

বিক্ষোভ নিয়েও ট্রাম্পের ইউটার্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই নিজের বক্তব্য থেকে সরে আলোচনায় আসেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এতদিনের দেয়া মুসলিম বিদ্বেষী বক্তব্যও নিজের ওয়েবসাইট থেকে গায়েব করে দেন। নিজের চরিত্রের মতই ক্ষণে ক্ষণে বদলাচ্ছেন এই ধনকুবের। আগের দিনই তার বিজয়ের পর রাস্তায় নেমে প্রতিবাদকারী মার্কিনিদের এক রকম ধুয়ে দেন ট্রাম্প।
সেখান থেকে একেবারে ইউটার্ন করে এবার তিনিই আন্দোলনকারীদের প্রশংসায় মেতেছেন। শুক্রবার ট্রাম্প এক টুইটবার্তায় উল্লেখ করেছেন, 'নির্বাচনের পর যারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, তারা দেশের প্রতি ভালোবাসা ও আবেগ থেকেই এমনটি করছেন। আমাদের এই বিষয়টিকে ভালোবাসতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই এবং গর্বিত হতে চাই।' অথচ আগের দিন টুইট করে ট্রাম্প বিক্ষোভকারীদের কড়া সমালোচনা করেন। তিনি তাদের 'ভাড়াটে বিক্ষোভকারী' পর্যন্ত আখ্যা দেন। ট্রাম্প বিক্ষোভকে 'অন্যায্য' মন্তব্য করে গণমাধ্যমের উসকানির অভিযোগও তোলেন।
এদিকে শুক্রবার অন্য এক টুইটে ট্রাম্প বলেছেন, 'নিউইয়র্কে বিভিন্ন পরিকল্পনা করতে ব্যস্ত সময় পার করছি। খুব শিগগিরই কয়েকজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হবে, যারা আমাদের সরকার পরিচালনা করবেন।' গত ৮ নভেম্বর ভোটে হিলারিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই রাস্তায় নেমে আসে মার্কিনিরা। তারা কমপক্ষে ২৫টি শহরে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা, ককটেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর, যান চলাচলে ব্যাঘাত, সম্পদ ধ্বংস, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ পর্যন্ত করছে।

No comments:

Post a Comment