অবরোধ
আর ধর্মঘটে অচল হয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। এতে স্বাভাবিক জনজীবন
চরম ব্যাঘাত ঘটছে। মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো
প্রকার যানবাহন চলাচল করেনি। এতে বাইরে থেকে আসা অসংখ্য লোকজনও আটকা পড়েছে।
জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ায়
পূর্ব আদেশ পুনর্বহাল রাখার দাবিতে সোমবার থেকে চারটি রুটে
অনির্দিষ্টকালের লাগাতার অবরোধ চলছে। বাঙালহালিয়া কলেজটি অবস্থিত রাজস্থলী
উপজেলার রাঙ্গামাটি-বাঙালহালিয়া ভায়া রাজস্থলী-বান্দরবান সড়কের পাশে। ফলে
কলেজের সামনে বাঙালহালিয়া বাজারে অবরোধ সৃষ্টির কারণে রাঙ্গামাটির চারটি
রুট রাঙ্গামাটি-বান্দরবান, রাঙ্গামাটি-রাজস্থলী, কাপ্তাই-বান্দরবান এবং
রাজস্থলী-চট্টগ্রাম অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে ওইসব রুটে কোনো রকম যানবাহন
চলাচল করতে না পারায় সড়ক যোগাযোগ সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত টহল জোরদার রাখা
হয়েছে। বাঙালহালিয়া কলেজ জাতীয়করণ আন্দোলন কমিটির ডাকে লাগাতার এই অবরোধ
কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী,
স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ
অংশ নিচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। দাবি আদায় ছাড়া আন্দোলন থামবে না বলে
জানান তারা। আন্দোলনকারীরা জানান,
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশের ১৯৯টি কলেজ
জাতীয়করণের মধ্যে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া কলেজটিও অন্তর্ভূক্ত ছিল।
কিন্তু পরে তা বাদ দিয়ে রাজস্থলী কলেজকে জাতীয়করণে অর্ন্তভুক্ত করা হয়। এতে
কলেজটির জাতীয়করণের আদেশ পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে এলাকার
সর্বস্তরের জনগণ। এদিকে বৃহত্তর চট্টগ্রাম পরিবহন শ্রমিক ধর্মঘটের প্রভাবে
জিম্মি হয়ে পড়েছে রাঙ্গামাটিবাসী। এর ফলে শহরসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লায়
যাত্রাবাহী অন্যান্য পরিবহন সার্ভিসের পাশাপাশি অটোরিকশাও চলাচল করেনি। এতে
চরম দূর্ভোগে পড়েছে লোকজন। সীমাহীন ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। আটকা
পড়েছে অব্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীসাধারণ। বার্ষিক পরীক্ষা চলায়
বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হয়েছে পরীক্ষা দিতে।
রাঙ্গামাটি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মহসীন রোমান
বলেন, চট্টগ্রাম থেকে পরিবহন শ্রমিক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে রাঙ্গামাটিতে পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

No comments:
Post a Comment