বেসরকারি
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এমপিদের সভাপতি মনোনীত হওয়ার বিধান
অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে
দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার
সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে বেসরকারি স্কুল-কলেজে জাতীয় সংসদ
সদস্যদের মনোনিত হওয়ার বিধানকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল
থাকল। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ, ভিকারুননিসা নূন স্কুল
কর্তৃপক্ষ পৃথক লিভ টু আপিল করেছিল। গতকাল রোববার আপিল বিভাগ শুনানি নিয়ে
লিভ টু আপিলের আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
আদালতে
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর ভিকারুননিসা
নূন স্কুলের পক্ষে ছিলেন আইনজীবী এবিএম বায়েজীদ।রিট আবেদনকারীর পক্ষে
শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি
করে গত ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং
বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০০৯-এর ৫(২) ও ৫০ বিধি বাতিল করেন
হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ভিকারুননিসা নূন স্কুল
কর্তৃপক্ষ পৃথক লিভ টু আপিল করেন। আজ আপিল বিভাগ দু'টি লিভ টু আপিলই খারিজ
করে দেন। এর ফলে এমপিরা ইচ্ছা করলেই পদাধিকারবলে স্থানীয়
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না।

No comments:
Post a Comment