Monday, November 7, 2016

নাসিরনগরে আরও ২১ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৭৪ জনকে গ্রেফতার হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গত ৩০ অক্টোবরের হামলার ভিডিও ফুটেজ দেখে ও আগের আটক ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, নাসিরনগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে।
গত ৩০ অক্টোবর ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগে নাসিরনগরে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। তারা মন্দির, হিন্দুদের বাড়িঘর এবং দোকানপাটে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। তারও আগে গত শুক্রবার ভোররাতে ফের নাসিরনগরের হিন্দুপল্লীর ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।  এসব ঘটনায় হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ চরম আতংকে রয়েছেন। এসব ঘটনায় করা দু'টি মামলায় গত রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়। তারও আগে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত নাসিরনগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়। আজকের পর গ্রেফতার দাঁড়াল ৭৪। এদিকে, উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ৫শ' সদস্য মোতায়েন রয়েছে।

No comments:

Post a Comment