বিএনপিকে
ভয় পেয়ে সরকার ৭ নভেম্বরের সমাবেশ করতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন
দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে
জাতীয়তাবাদী মহিলা দলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি
চেয়ারপারসন এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, এ অবৈধ সরকার আমাদের কোনো
কর্মসূচি করতে দেয় না। আমরা সব সময়ই ৭ নভেম্বর পালন করেছি। এবার আমরা একটা
জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তারা কর্মসূচি পালন করতে পারলেও
আমাদের করতে দিতে চায় না। কারণ তারা ভয় পায়। তিনি বলেন, আমাদের সমাবেশে
পয়সা দিয়ে লোক আনতে হয় না, গুণ্ডাপাণ্ডা আনতে হয় না। আমাদের সমাবেশে দলের
লোকজন আসে, জনগণ আসে। সেই সমাবেশ এত বড় হয়, যেটা দেখে তারা ভয় পায়।
এ
অবস্থা দীর্ঘদিন চলতে পারে না উল্লে¬খ করে খালেদা জিয়া বলেন, এভাবে
মানুষকে দীর্ঘদিন ধরে রাখা যায় না, মানুষের মুখ বন্ধ করে রাখা যায় না।
আমাদের বের হতে হবে। আমরা বের হব। আমরা কর্মসূচি পালন করব। ইনশাআল্লাহ,
জনগণকে আমাদের সঙ্গে পাব। দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন
পুনর্গঠন ও পুনর্বিন্যাসের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, মানুষ
যাতে নিজের ভোট নিজে দিতে পারে। এজন্য নির্বাচন কমিশন পুনর্গঠন ও
পুনর্বিন্যাস করতে হবে। এরপর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।
আফরোজা আব্বাসের সভাপতিত্বে মতবিনিময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহিলাবিষয়ক সম্পাদক নুরী
আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান,
নুরজাহান ইয়াসমীন, জেবা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment