বিএনপি
পরিকল্পিত ভাবে নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে বির্তকিত করতে চায়
বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম
হানিফ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন কমিশন নিয়ে ১৩ দফা বিষয়ে
তিনি বলেন, উদ্দেশ্যমুলক ভাবে যদি কেউ সরকার, নির্বাচন কমিশনকে বিতর্কিত
করতে চায় তাহলে কোনো নির্বাচন কমিশন গঠন করেই বিতর্কের ঊর্ধ্বে থাকা সম্ভব
নয়। মঙ্গলবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির
সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হানিফ বলেন,
বিএনপি পরিকল্পিত ভাবে নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে
চায়। সে কারণে তারা নানা সময় নানান ধরনের কথা বার্তা বলে আসছে। তিনি বলেন,
কোনো নির্বাচন কমিশনই তাদের মনঃপুত হবে না। একমাত্র আজিজ মার্কা নির্বাচন
কমিশন গঠন করলেই তাদের পছন্দ হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, সেখানে সেনা
বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।
যেকোনো
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বচন কমিশনকে সাংবিধানিকভাবে ক্ষমতা
দেয়া আছে। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও
সুন্দর করার জন্য যা যা প্রয়োজন নির্বাচন কমিশন তাই করবে। হানিফ বলেন,
বিএনপি বিগত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনাবাহিনীর দাবি তুলেছিলো, পরে
দেখা গেছে সেনা বাহিনী ছাড়াই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণ হয়েছে।
অতএব নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে হবে। গাইবান্ধায় সাঁওতালদের ওপর
নির্যাতন ও হামলার ঘটনায় বিএনপির প্রতিনিধি দলের তদন্ত প্রতিবেদন সম্পর্কে
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, বিএনপি রাজনৈতিক দল। তাদের তদন্ত কমিশন
গঠন করার এখতিয়ার নেই এবং জাতি এজন্য তাদের ক্ষমতা দেয়নি। তিনি বলেন, তাদের
(বিএনপি) তদন্ত কমিশনে কি রিপোর্ট আসলো তা নিয়ে বিএনপি মাথা ঘামাবে, এটা
নিয়ে সরকারের মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে মনে করি না। এসময় জেলা আওয়ামী
লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত
ছিলেন।

No comments:
Post a Comment