Thursday, November 3, 2016

মহেশখালীতে প্রকাশ্যে দু' সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধ, নিহত এক

মহেশখালীতে প্রকাশ্যে দু' সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধ, নিহত এক
স.ম.ইকবাল বাহার চৌধুরী ঃ
মহেশখালীতে গতকাল ২ নভেম্বর রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে নোনাছড়ি বাজারে দু' সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে রিদোয়ান (৩৩) নামে এক সন্ত্রাসী প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরো অন্তত ১০ জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাত ১০টায় মহেশখালী উপজেলার ক্রাইমজোন খ্যাত কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই এলাকার চিহ্নিত ও আলোচিত দুটি সন্ত্রাসী গ্রুপ নোনাছড়ি পূর্ব গোধার পাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলী গ্রুপের সাথে একই গ্রামের চাঁন মিয়ার পুত্র মোহাম্মদ উল্লাহ'র গ্রুপের দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ও সংঘর্ষ চলে আসছিল। গতকাল রাত ১০টায় মোহাম্মদ আলী গ্রুপের লোকজন নোনাছড়ি বাজারের উত্তর পাশে সফি মার্কেটের দোকানে বসে গল্প করা কালীন প্রতি পক্ষ মোহাম্মদ উল্লাহ গ্রুপের স্বশস্ত্র সন্ত্রাসীরা অতর্কীত হামলা চালালে দুগ্রুপের মধ্যে বাজার এলাকায় বন্দুক যুদ্ধ লেগে যায়। এতে মোহাম্মদ আলী গ্রুপের ভাড়াটিয়া সন্ত্রাসী উত্তর ঝাপুয়া পাহাড়তলী গ্রামের আকতার হোছনের পুত্র রিদোয়ান ( ৩৩) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাজারে অবস্থান করা শত শত মানুষ দিক বিদিক ছুঠে পালিয়ে যায়। অপর পক্ষে মোহাম্মদ উল্লাহ গ্রুপের রমজান আলী নামের আরেক সন্ত্রাসীকেও গুলিবিদ্ধ মুমুর্ষ অবস্থায় চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকা জনক। এঘটনায় উভয় পক্ষে অন্তত আরো ১০ জন সন্ত্রাসী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে বলে জানান মহেশখালী থানা।

No comments:

Post a Comment