Sunday, November 20, 2016

ভোটের মাঠে আইভী দল চাইলে লড়বেন তৈমূর

বদলে যাচ্ছে নারায়ণগঞ্জের চিত্র। আওয়ামী লীগের টিকিটে লড়বেন মেয়র সেলিনা হায়াত আইভী। অন্যদিকে বিএনপির মনোনয়ন এখনও নিশ্চিত না  হলেও নেতাকর্মীদের ধারণা, তৈমূর আলম খন্দকারই পাবেন বিএনপির টিকিট। এর আগে তৈমূর নির্বাচন করবেন না বলে জানালেও গতকাল প্রকাশ্যে বলেছেন, দল চাইলে তিনি নির্বাচন করবেন। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বিএনপির একটি প্রতিনিধি দল দেখা করেন খালেদা জিয়ার সঙ্গে। সেখানে বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তাদের প্রার্থিতার কথা তুলে ধরেন। তবে শেষ পর্যন্ত জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারই পাচ্ছেন মনোনয়ন- এমনটাই সবার ধারণা। আর নারায়ণগঞ্জ বিএনপি তৈমূরকে নিয়েই মাঠে নামার অপেক্ষায়।
ওদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে নির্বাচনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দিতে চান আইভী। ইতিমধ্যে তিনি আনোয়ার হোসেনের কাছে এ আহ্বান জানিয়েছেন। আইভী বলেন, গত নির্বাচনে আনোয়ার হোসেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমার নির্বাচন করেছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ। তাই ওনার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে বলছি, এবারও তিনি আমার সঙ্গেই থাকবেন। এটা আমার বিশ্বাস। তিনি নিজেও বলেছেন, দলীয় প্রতীক নৌকা যে পাবেন তিনি তার পক্ষে কাজ করবেন। আমিও বলেছিলাম, নৌকা যে পাবেন আমি তার পক্ষে কাজ করবো। যেহেতু দল আমাকে মনোনয়ন দিয়েছে সেহেতু দলের সকল নেতাকর্মী-সমর্থক আমার পক্ষে কাজ করবেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমি চাই এ নির্বাচনেও আনোয়ার কাকা আমার নির্বাচনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করবেন। আমি তাকে এ আহ্বান জানাচ্ছি। আমি আনোয়ার কাকার বাসায় গিয়েছি। কিন্তু ঘর তালাবদ্ধ থাকায় দেখা হয়নি। তারপরও আমি বারবার যাবো। স্থানীয় এমপি শামীম ওসমানের কাছেও যাবো। ভোট চাইবো। গতকাল দুপুরে শহরের দেওভোগে পৈতৃক বাড়িতে নিজের অফিসে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ২৪শে নভেম্বর মনোনয়নপত্র জমা দেবেন এবং এর আগে ২৩শে নভেম্বর তিনি পদত্যাগ করবেন।
আবারো নির্বাচিত হলে কী করতে চান এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, আগামীতে আমার কাজ হবে সবুজ নারায়ণগঞ্জ নগরী গড়ে তোলা। নগরবাসীর চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করবো। খাল পুনরুদ্ধার, জলাশয় সংরক্ষণ করা হবে প্রধান কাজ। নগরজুড়ে বনায়ন হবে এবং ফুটপাথ হবে জনসাধারণের চলাচল উপযোগী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকবে খেলার মাঠ।
বিএনপির নির্বাচনে অংশ নেয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন? বিএনপি থেকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, বিএনপির ঘোষণাকে স্বাগত জানাই। এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত। আমার দৃঢ় বিশ্বাস, গত নির্বাচনের মতো এবারও সুষ্ঠু নির্বাচন হবে। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, আশা করি নির্বাচন কমিশন সেই পরিবেশ সৃষ্টি করবে। সব মিলিয়ে আইভীর নৌকার সঙ্গে বিএনপির ধানের শীষ নিয়ে কে লড়বেন সেটাই দেখার অপেক্ষা।
>>>মানবজমিন

No comments:

Post a Comment