Monday, November 14, 2016

সরলো ট্রাম্প টাওয়ারের সামনের বালুর ট্রাক

অব্যাহত আন্দোলনের মুখে যুক্তরাষ্ট্রের অন্যতম পর্যটন আকর্ষণ ট্রাম্প টাওয়ার এখন দুর্গে পরিণত হয়েছে। নির্বাচনের পর ট্রাম্পবিরোধী জনরোষ বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় নিউইয়র্ক পয়ঃনিষ্কাশন বিভাগের বালু ভর্তি ট্রাক মোতায়েন করা হয়েছিল। কার বোম্বের মতো শক্তিশালী বিস্ফোরণ থেকে টাওয়ারটিকে রক্ষায় এ ব্যবস্থা নেয়া হয়েছিল। তবে ট্রাম্প টাওয়ারের বাইরে বালু ভর্তি টাক মোতায়েনের ছবি ও সংবাদ ভাইরাল হওয়ার পর ট্রাকগুলো সরিয়ে নেয়া হয়েছে।
তার পরিবর্তে নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকে ভারী কংক্রিটের প্রতিবন্ধক তৈরি কের ঘিরে দেয়া হয়েছে। ওইসব প্রতিবন্ধকের ওপর এনওয়াইপিডি (নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট) স্টিকার সাঁটানো হয়েছে বলে জানিয়েছে ইউএস নিউজ। তবে কতদিন এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে সে বিষয়ে সিক্রেট সার্ভিস ও এনওয়াইপিডি কর্তৃপক্ষ কিছু জানায়নি। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কারণ এই টাওয়ারেই ডোনাল্ডের বিলাসবহুল ও বিখ্যাত পেন্ট হাইজ এবং তার ট্রাম্প সাম্রাজ্যের সদর দফতর অবস্থিত। নিউইয়র্ক পুলিশের কমিশনার স্টিভ ডেভস বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জন্য অনেক পরিকল্পনা ও সৃজনশীলতার সম্মিলন ঘটেছে। এদিকে ট্রাম্প টাওয়ারে অবস্থিত শপিংমলের বিভিন্ন ব্যবসায়ীরা বিশেষ নিরাপত্তায় বেশ লোকসানের মুখে পড়েছে। ক্রেতাদের ট্রাম্প টাওয়ারে পৌঁছাতে বেশ কয়েকটি নিরাপত্তা ধাপ ও প্রশ্নবানে জর্জরিত হতে হচ্ছে। এ কারণে টাওয়ারের বড় বড় ব্র্যান্ড হাউজগুলো তাদের ক্রেতা হারাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

No comments:

Post a Comment