Monday, November 28, 2016

পুলিশের পিটুনিতে নিহত শিক্ষকের লাশ নান্দাইলে দাফন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে রোববার পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত সহযোগী অধ্যাপক মো. আবুল কালামের লাশ কড়া পুলিশি প্রহরায় সোমবার বেলা ১১ঘটিকায় নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজাপূর্ব পশ্চিমপাড়া মাদ্রসা মাঠে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়া, উপজেলা নির্বাহী অফিসার ড. শাহনুর আলম, মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যাপক এস এম আবুল হাসেম এবং মরহুমের বড় ভাই ব্যাংক কর্মকর্তা মো. আব্দুস সালাম। জানাজায় পুলিশের এএসপি মো. আকতারুজ্জামান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো। মরহুমের বড় ভাই আব্দুস সালাম তার ভাই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যাপক এসএম আবুল হাসেম বলেন,
কলেজ সরকারিকরণের একটি যৌক্তিক দাবি আদায় করতে গিয়ে আমাদের সহযোগী নিহত হয়েছেন। এই কলেজ সরকারিকরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি নিহত পরিবারের জন্য সরকারের নিকট উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নান্দাইলের উপজেলা চেয়ারম্যান, মেয়র ও উপজেলা নির্বাহী অফিসার জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জানাজার পর কাদিরপুর পশ্চিমপাড়া মরহুমের পারিবারিক কবরস্থানে পিতা মরহুম আহম্মদ আলী মুন্সীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

No comments:

Post a Comment