Tuesday, November 8, 2016

সেই দুই অভিনেতার সলিল সমাধি

শুটিংয়ের সময় হেলিকপ্টার থেকে লেকের পানিতে লাফিয়ে পড়া ভারতের সেই দুই অভিনেতার সলিল সমাধি হয়েছে। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অনিল ভার্মা ও রাঘব উদয় নামে এই দুই স্টান্টম্যান একটি কানাড়া ভাষার চলচ্চিত্রের জন্য অভিনয় করছিলেন। গতকাল সোমবার দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের কাছে একটি লেকে হেলিকপ্টার থেকে লাফ দিয়েছিলেন তারা।
 স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহত দুই স্টান্টম্যান সাঁতার জানতেন না। এমনকি হ্রদে লাফিয়ে পড়ার পর তাদের দ্রুত উদ্ধারের জন্য কোনও ব্যবস্থাও নেয়া হয়নি। অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ এনে সিনেমাটির প্রযোজকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। একজন পদস্থ কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, সিনেমাটির শুটিংয়ের জন্য সতর্কতামূলক কোনও ব্যবস্থাই নেয়া হয়নি। কেউ কোনও লাইফ জ্যাকেট পরেনি এবং সেখানে কোনও উদ্ধারকারী দল বা অ্যাম্বুলেন্সও মজুদ ছিল না। নিহত দুই স্টান্টম্যানের সঙ্গে হ্রদের জলে লাফ দিয়েছিলেন কানাড়া ভাষার চলচ্চিত্রের শীর্ষ অভিনেতাদের একজন দুনিয়া বিজয়। তিনি অবশ্য কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই সাঁতরে তীরে উঠতে পেরেছেন। স্টান্টম্যানরা মূলত চলচ্চিত্রের ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোতে মূল অভিনেতার পরিবর্তে তার মতো পোশাক পরে ও মেকাপ নিয়ে অভিনয় করে থাকেন। পরে দর্শক পর্দায় দেখে মনে করেন, দৃশ্যগুলো হয়ত নায়ক বা নায়িকা নিজেই করেছেন।

No comments:

Post a Comment