Thursday, December 1, 2016

অন্তঃসত্ত্বা নারীকে তাড়িয়ে দেয়ার অভিযোগ তদন্তের নির্দেশ

প্রসব বেদনায় ছটফট করা অন্তঃসত্ত্বা নারীকে তাড়িয়ে দেয়া, মাঠে সন্তান প্রসব ও মৃত্যুর অভিযোগ তদন্ত করতে বগুড়া জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৪ ডিসেম্বর এই তদন্ত প্রতিবেদন উপস্থাপন ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও নার্সকে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন। বৃহস্পতিবার দৈনিক যুগান্তরের দ্বিতীয় পাতায় ‘তাড়িয়ে দিল নার্স, মাঠে প্রসব: নবজাতকের মৃত্যু’ শিরোনামে এ প্রতিবেদনটি ছাপা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাতে প্রসব বেদনায় ছটফট করা মাজেদা বেগম নামের অন্তঃসত্ত্বা নারীকে মধ্যরাতে নেয়া হয়েছিল বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভর্তিও করা হয়। কিন্তু প্রসব কক্ষে না নিয়ে পাশের ক্লিনিকে নেয়ার পরামর্শ দিয়ে তাড়িয়ে দেয়া হয় তাকে। সেখানে নেয়ার পথে হাসপাতালের মাঠে গাছতলায় প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে মাটিতেই সন্তান প্রসব করেন ওই নারী। যতক্ষণে চিকিৎসক আসেন, ততক্ষণে নবজাতক চলে গেছে না ফেরার দেশে। এই প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী শামিম সরদার। যার প্রেক্ষিতে আদালত এ রুলসহ আদেশ দেন।

No comments:

Post a Comment