Monday, December 5, 2016

কেরানীগঞ্জে ইউপি মেম্বারকে কুপিয়ে জখম

কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম গোলাপকে (৪১) কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার সকালে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত আমিনুল ইসলামকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিনুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে আটিবাজার পুলিশ ফাঁড়ির এসআই বাদশা আলমের ফোন পেয়ে তিনি সেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন।
হিজলা স্কুলের সামনে আসা মাত্র সন্ত্রাসী তাজউদ্দিন সরকার, দেলোয়ার, আবুল হোসেন, আরিফ, তাহেরসহ ৭/৮ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় একজন চাপাতি দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আমিনুলের ভাতিজা শফিকুল ইসলাম বলেন, হামলার সময় চাচাতে রক্ষা করতে গেলে বেশ কয়েকজনকে মারধর করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। পরে চাচাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথার আঘাত গুরুতর। সেখানে ১০টা সেলাই লেগেছে। কেরানীগঞ্জ মডেল থানার অপারেশন অফিসার এসআই শাহাদাৎ হোসেন জানান, আমিনুল ইসলাম নামে এক মেম্বারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment