জাতীয়করণের
তালিকা থেকে বাদ পড়েছে যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ। এর প্রতিবাদে সোমবার
সকাল থেকে বাঘারপাড়ায় আধা বেলা হরতাল চলছে। রোববার রাত ৮টায় বাঘারপাড়ায়
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বাঘারপাড়া পৌর
মেয়র কামরুজ্জামান বাচ্চু জানান, সোমবার সকাল থেকে স্বত:স্ফুর্ত ও
শান্তিপূর্ণ হরতাল চলছে। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বাঘারপাড়াবাসীর দাবি আগের ঘোষণা অনুযায়ী বাঘারপাড়া ডিগ্রি কলেজ জাতীয়করণ
করা হোক। পৌর মেয়র আরও বলেন, একই সঙ্গে মানননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীনের নামে প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণের উদ্যোগে
নিয়েছেন। সেটি নিয়ে আমাদের কোন আপত্তি নেই।
একই উপজেলায় দুটি কলেজ
জাতীয়করণের নজির আছে। বাঘারপাড়া ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হোক। তিনি
বলেন, উপজেলা সদরের ঐতিহ্যবাহী কলেজটিকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়া
দুঃখজনক। আমরা বাঘারপাড়া ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার দাবি জানাচ্ছি। এ
দাবিতে অর্ধদিবস হরতাল চলছে। উল্লেখ্য, যেসব উপজেলায় সরকারি কলেজ ও স্কুল
নেই সেখানে একটি করে কলেজ ও স্কুল জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই
হিসেবে বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া ডিগ্রি কলেজকে জাতীয়করণের জন্য
তালিকাভুক্ত করা হয়। পরে গত ২৮ আগস্ট শহীদ সাংবাদিক ও বুদ্ধিজীবী
সিরাজুদ্দীন হোসেনের নামে প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণের দাবিতে শিক্ষক,
শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর গত ১৯ ডিসেম্বর
সরকার যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরার শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজটি
জাতীয়করণের সম্মতি দেয়। একই সঙ্গে বাঘারপাড়া ডিগ্রি কলেজটি তালিকা থেকে বাদ
দেয়া হয়। এর প্রতিবাদে বাঘারপাড়ায় আজ অর্ধদিবস হরতাল পালন করছে স্থানীয়
জনগণ।

No comments:
Post a Comment