বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেই যে
নির্বাচন সুষ্ঠু হবে তা কোনো কথা নয়। এজন্য ভোটের সময় প্রয়োজন সহায়ক সরকার
মানে, দল নিরপেক্ষ সরকার। মঙ্গলবার রাতে বড়দিন ও নববর্ষ উপলক্ষে বাংলাদেশ
খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এ কথা বলেন।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা
হয়। খালেদা জিয়া বলেন, একটা স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেই যে দেশে
ভোট সুষ্ঠু হবে তারও কোনো গ্যারান্টি নেই। এজন্য প্রয়োজন ভোট চলাকালীন
একটি দল নিরপেক্ষ সরকার। নামকরা অনেক ভালো ভালো ব্যক্তি আছেন তাদের নিয়ে
একটা সহায়ক সরকার হতে পারে বলে মত দেন তিনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
নির্বাচন সম্পর্কে খালেদা জিয়া বলেন, এই নির্বাচন দিয়ে সরকার খুব বাহাদুরি
নিতে চাইছে যে, তাদের আমলেও নিরপেক্ষ নির্বাচন হয়। এটা আসলে ওপরে
ফিটফাট-ভেতরে ষড়যন্ত্র। যুবদল সভাপতি অ্যালবার্ট ডি কস্তার সভাপত্বিতে
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মইন খান, নজরুল ইসলাম
খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment