Tuesday, December 6, 2016

মুসলিম বিদ্বেষীকে গৃহায়ণমন্ত্রী বানাচ্ছেন ট্রাম্প

দলের মনোনয়ন প্রক্রিয়ায় সাবেক প্রতিদ্বন্দ্বী বেন কার্সনকে যুক্তরাষ্ট্রের গৃহায়ণ ও নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর বিষয়ক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর সিএনএনের। অভিবাসনবিরোধী ও মুসলিমবিদ্বেষী হিসেবে সাবেক নিউরো সার্জন বেন কার্সনকে ‘আরেক ট্রাম্প’ বলেন সমালোচকরা। প্রার্থী বাছাই নির্বাচনী প্রচারণায় ‘মুসলমানরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়’ বলে মন্তব্য করেছিলেন তিনি। এছাড়া এনবিসি টিভির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কার্সন বলেছিলেন, ‘এই জাতির দায়িত্ব একজন মুসলমানের হাতে তুলে দেয়াকে আমি কখনও সমর্থন করব না। আমি কোনোভাবেই এর সঙ্গে একমত হতে পারি না।’ সোমবার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বেন কার্সনকে আমাদের পরবর্তী গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।
কার্সন অত্যন্ত মেধাবী মনের অধিকারী। তিনি পরিবার ও সম্প্রদায়ের সম্পর্কোন্নয়নের মাধ্যমে আমাদের সমাজকে শক্তিশালী করতে উৎসাহী। কয়েকদিন আগে ট্রাম্পের প্রচারণা শিবিরের পক্ষ থেকে বেন কার্সন বড় কোনো পদ পেতে পারেন বলে ইঙ্গিত দেয়া হয়েছিল। এক কর্মকর্তা বলেছিলেন, ‘আমেরিকাকে আবারও মহান করে গড়ার কাজে সহায়তা করার জন্য আমার একটি ভূমিকা নিয়ে শিগগিরই ঘোষণা আসছে।’ ট্রাম্প নিজেও মঙ্গলবার এক টুইটে কার্সনের নাম গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের জন্য ‘গুরুত্ব সহকারে বিবেচনা করছেন’ বলে উল্লেখ করেছিলেন। বুধবার বেন কার্সন নিজেই ফেসবুকে লিখেছিলেন, ‘ট্রাম্প শিবিরের সঙ্গে সিরিয়াস আলোচনার পর আমি অনুভব করছি, নতুন মার্কিন প্রশাসনে আমি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব। বিশেষ করে আমাদের আন্তঃশহরের প্রতিটি নাগরিকের জন্য।’ বিশ্বকে হতবাক করে গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে দেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, যাকে ভোটের প্রচারের সময় নানা বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। বারাক ওবামার টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নিউইয়র্কের ধনকুবের ট্রাম্প।   

No comments:

Post a Comment