বিদায়ী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের
রূপরেখা নিয়ে কথা বলায় ক্ষোভ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন
নেতানিয়াহু। খবর বিবিসির। বুধবার দেয়া এক বক্তৃতায় মধ্যপ্রাচ্যে শান্তি
প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাধীন ফিলিস্তিন ও ইসরাইলের পক্ষে মার্কিন নীতির
কথা তুলে ধরেন জন কেরি। কেরির এ বক্তব্যকে পক্ষপাতমূলক দাবি করে এর নিন্দা
জানিয়েছেন নেতানিয়াহু। ক্ষমতার শেষ প্রান্তে এসে মধ্যপ্রাচ্যে শান্তি
প্রতিষ্ঠার চূড়ান্ত চেষ্টা করছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার
প্রশাসন।
দিনকয়েক আগেই ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ
বন্ধের দাবি জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাব পাসের সময় ভেটো প্রয়োগে বিরত
থাকে যুক্তরাষ্ট্র। এরপর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রূপরেখা তুলে ধরলেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার বেলা
১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) এক ভাষণে তিনি ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক
দ্বিরাষ্ট্রীয় সমাধানের একটি ফ্রেমওয়ার্ক ঘোষণা করেন। কেরি বলেন, অধিকৃত
ভূখণ্ডে ইসরাইলের বসতি স্থাপন মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়াকে ঝুঁকির মধ্যে
ফেলছে। দ্বি-রাষ্ট্র বিষয়ক সমাধানের ওপর ভিত্তি করে শান্তি চুক্তির ভবিষ্যৎ
গভীর সংকটে। অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের বসতি স্থাপন একটা বড় সমস্যা। তার এ
বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান নেতানিয়াহু। কেরির বক্তব্যকে
ইসরাইলবিরোধী বলে আখ্যা দেন তিনি। নেতানিয়াহু তার প্রতিক্রিয়ায় বলেন, কেরির
বক্তব্য ভারসাম্যহীন। এদিকে বিদীয় বারাক ওবামা প্রশাসনের সঙ্গে ইসরাইলের
টানাপোড়েন চললেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের
পক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি তার ক্ষমতা গ্রহণ করা
পর্যন্ত ইসরাইলকে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।

No comments:
Post a Comment