Tuesday, December 13, 2016

অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকাণ্ডে আহত ৫

চার্জ করার সময় অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে রিকশা গ্যারেজ, ঝুটের গুদাম, বসত ঘর, দোকান-পাটসহ একটি মিনি পোশাক কারখানা পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে রিকশার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় সোয়া দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন।  টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, নূরু মিয়ার অটোরিকশার গ্যারেজে ব্যাটারি চার্জ করার সময় আগুনের সূত্রপাত হয়।
প্রথমে পাশের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। মূহুর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি জানান, খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া দুই ঘন্টা কাজ করার পর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গ্যারেজের পাশে থাকা চারটি ঝুটের গুদাম, একটি মিনি পোশাক কারখানা, ৫টি ছোট বসত ঘরসহ ৫টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান মো. সেলিম মিয়া। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রাশেদুল ইসলাম জানান, গ্যারেজে চার্জ করার সময় অটোরিকশা ব্যাটারি বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে। এসময় আগুন নেভাতে গিয়ে তিনিসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। তবে কেউ দগ্ধ হননি।

No comments:

Post a Comment