Wednesday, December 14, 2016

বিয়ের আগের রাতে হবু স্বামীকে কাটারির কোপ

বিয়ের আগের রাতে হবু স্বামীকে ডেকে নিয়ে কাটারি দিয়ে কুপিয়েছেন এক বাগদত্তা নারী। ৫বছর ধরে ওই যুগলের প্রেম চলছিল। বর্ধমান জেলার কালনা শহরের নিউ মধুবন এলাকায় সোমবার এঘটনা ঘটেছে। ওই হবু যুবকের নাম চিরঞ্জিত পাল, আর বাগদত্তা নারীর নাম দীপা পণ্ডিত। ওই যুবকের দাবি, ‘কথা আছে’ বলে বিয়ের আগের রাতে হবু বৌ তাকে ডেকে নেয়। কাছে যেতেই কানামাছি খেলার ‘আব্দার’ করে তাকে। প্রস্তাবটি একটু অদ্ভুত লাগলেও হবু বউ বলে না করতে পারেননি তিনি। কিন্তু চোখে রুমাল বাঁধার পরেই তার গলায় লাগে ধাতব স্পর্শ। চোখ থেকে রুমাল খুলে চিরঞ্জিত দেখেন, কাটারি উঁচিয়ে আছে হবু বৌয়ের ‘ঘনিষ্ঠ’ বান্ধবী নাসিমা খতুন। পাশে তার পাঁচ বছরের প্রেমিকা তথা হবু স্ত্রী দীপা পণ্ডিত। মুহূর্তেই আবারও আক্রমণ।
কোনোরকমে তা হাত দিয়ে রুখে কাটারি কেড়ে নেন তিনি। চিৎকার দিয়ে লোক জড়ো করে দুই বান্ধবীকে তুলে দেন তাদের হাতে। এরপর সোজা থানায় পৌঁছান চিরঞ্জিত। রক্তাক্ত অবস্থাতেই অভিযোগ দায়ের করেন। গ্রেফতার হন দীপা ও নাসিমা। মঙ্গলবার কালনা আদালত তাঁদের ১৪ দিন জেল-হাজতে পাঠিয়েছে। এই হামলার পিছনে দীপা ও নাসিমার ‘ঘনিষ্ঠতা’ মুখ্য বলে মনে করছে পুলিশ। যা নিয়ে দুই পরিবারের ‘অস্বস্তি’ রয়েছে।  স্বজনদের দাবি নাসিমা দীপাকে খারাপ পথে নামানোর চেষ্টা করছিলো। বিয়ে হয়ে গেলে তা সম্ভব হতো না। বর্ধমানের এসপি কুণাল অগ্রবাল বলেন, ‘তদন্তে দুই তরুণী সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে এসেছে। তবে নিশ্চিত না হয়ে কিছু বলা উচিত হবে না।’ দীপাকে নিয়ে এখন চিরঞ্জিতের মন্তব্য ‘পাঁচ বছরের সম্পর্ক আমাদের। খুব কাছ থেকে দেখেছি দীপাকে। ঘা খেয়ে বুঝলাম, চোখ বন্ধ করে ভরসা করার জায়গাটা তৈরি হয়নি।’ আদালতে মঙ্গলবার নাসিমা দাবি করেন, ‘রাতে চেঁচামেচি শুনে মাঠে যাই। অথচ, আমাকেই খুনের চেষ্টার অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হল!’

No comments:

Post a Comment