দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টি ২০
টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিপিএল চতুর্থ আসর শেষ হল কাল। ঢাকা
ডায়নামাইটস ও রাজশাহী কিংসের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে বিনোদনের
পসরা সাজানো এ টুর্নামেন্টের। দেশী-বিদেশী মিলিয়ে এত তারকা খেলোয়াড় একসঙ্গে
দেখা যায় শুধু বিপিএলেই। দর্শক চাহিদাও থাকে তুঙ্গে। বিসিবির লক্ষ্য থাকে এ
টুর্নামেন্ট দিয়ে কিছু তরুণ খেলোয়াড় বের করা। কিন্তু এবার বিপিএলে সেই
অর্থে কোনো তরুণ খেলোয়াড় ঝড় তুলতে পারেননি। এছাড়া বিশেষ কিছু ম্যাচ এবং
ছুটিরদিন ছাড়া অধিকাংশ দিনেই গ্যালারি ছিল ফাঁকা। তবে আর্থিকভাবে গত আসরের
চেয়ে এবার বিসিবি মোটা অংকের লভ্যাংশ জমা করেছে কোষাগারে। বিপিএলের চতুর্থ
আসরে তরুণ খেলোয়াড়ের মধ্যে একটু নজর কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৮ বছর
বয়সী এই ব্যাটসম্যান এবার আসরে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ন্সের হয়ে। গত
আসরের চ্যাম্পিয়নদের হয়ে এবার সব ম্যাচ খেলেছেন তিনি। ১২ ম্যাচে করেছেন ১৮০
রান। সর্বোচ্চ ৫৪*। নাজমুল হোসেনের প্রশংসা করে কাল অধিনায়ক মাশরাফি
মুর্তজা বলেন, ‘বিপিএল দিয়ে একটা খেলোয়াড়কে বিচার করা খুব কঠিন। কিন্তু আমি
এটুকু বলতে পারি নাজমুল হোসেন অনেক সম্ভাবনাময়। আমার বিশ্বাস, ওর মধ্যে
অন্যরকম একটা গতি আছে।’ শেষদিকে বিপিএলে চমক দেখিয়েছেন ১৭ বছর বয়সী আফিফ
হোসেন। মূলত বাঁ-হাতি ব্যাটসম্যান হলেও টি ২০ অভিষেকেই তিনি নিয়েছেন পাঁচ
উইকেট। এছাড়া নিজের তৃতীয় ম্যাচে ২৬ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলে
রাজশাহীর জয়ে ভূমিকা রেখেছেন। আলোচনায় না থাকার পরও ভালো ব্যাটিং করেছেন
ঢাকার মেহেদি মারুফ।
২৮ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটসম্যান আসরের শুরুর দিকে
ওপেনিংয়ে একাই টেনেছেন ঢাকাকে। ভালো ব্যাটিংয়ের পুরস্কারও পেয়েছেন তিনি।
মারুফ এবার একমাত্র খেলোয়াড় যিনি বিপিএলে ভালো করে নিউজিল্যান্ড সফরের আগে
অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন। তার অন্তর্ভুক্তিতেই অনুশীলন
ক্যাম্পে দলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। এছাড়া বিপিএলে জাতীয় দলের
খেলোয়াড়রাই মূলত ভালো করেছেন। দারুণ ছন্দে থাকা পেসার মোহাম্মদ শহীদ ও
শফিউল ইসলাম পুরো টুর্নামেন্টে খেলতে পারেননি। চোট পাওয়ার আগে তারাই ছিলেন
শীর্ষ উইকেট শিকারি। বোলিংয়ে বিদেশীরা এগিয়ে থাকলেও ব্যাটিংয়ে স্থানীয়
ব্যাটসম্যানরাই দাপট দেখিয়েছেন। ফাইনালের আগে তামিম ইকবাল (৪৭৬),
মাহমুদউল্লাহ (৩৯৬) এবং সাব্বির রহমান (৩৫১) ছিলেন শীর্ষ তিনে।
নিউজিল্যান্ড সফরের আগে জাতীয় দলের সেরা খেলোয়াড়দের এমন পারফরম্যান্স
সুখবরই বটে। বিপিএলের চতুর্থ আসরে এসে মাশরাফি ছাড়া অন্য কোনো অধিনায়কের
হাতে প্রথম উঠেছে চ্যাম্পিয়ন ট্রুফি। প্রথম আসর থেকেই বিপিএল নানা বিতর্কের
জন্ম দিয়েছে। এবারও সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি বিপিএল। রংপুর
রাইডার্সের জুপিটার ঘোষ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন। তাকে নাকি ওই
ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা সানোয়ার হোসেন ফিক্সিংয়ে জড়াতে চেয়েছিলেন। এছাড়া
বিপিএলের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সাব্বির রহমান ও পেসার আল-আমিন
হোসেনকে বড় অংকের জরিমানা করা হয়েছে। শুরুতে খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়া
নিয়ে কিছু বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত সেটা বেশি শোনা যায়নি। ভালোমন্দের
মিশেলেই শেষ হয়েছে বিপিএলের চতুর্থ আসর।

No comments:
Post a Comment