দ্বিতীয়
বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণের ৭৫ বছর পর প্রথম কোনো
জাপানি প্রধানমন্ত্রী হিসেবে স্থানটি পরিদর্শন করেছেন শিনজো আবে। সেখানে
গিয়ে যুদ্ধের ভুক্তভোগীদের প্রতি ‘আন্তরিক ও চিরস্থায়ী সমবেদনা’ জানিয়েছেন
তিনি। এসময় আবের সঙ্গে ছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর
বিবিসির। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর আরিজোনায় অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল
হারবারে হামলা চালিয়েছিল জাপান। এতে ২৩০০ মার্কিন সেনা নিহত হয়। নৌঘাঁটিতে
আক্রমণে যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবে বলেন, ‘আমরা
আর কখনোই যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি করব না- এটাই জাপানের জনগণের
আন্তরিক প্রতিজ্ঞা।’
তিনি আরও বলেন, ‘ইউএসএস আরিজোনাতে নিহতদের প্রতি,
আমেরিকার জনগণের প্রতি এবং সারা পৃথিবীর মানুষের প্রতি আমি এ দৃঢ় প্রত্যয়
ব্যক্ত করছি।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জাপানের সঙ্গে সম্পর্কোন্নয়নে
যুক্তরাষ্ট্রের ভূমিকারও প্রশংসা করেন জাপানি প্রধানমন্ত্রী। দুই দেশের এ
সম্পর্ককে তিনি ‘প্রত্যাশার মৈত্রী’ বলে আখ্যায়িত করেন। নিহতদের প্রতি
শ্রদ্ধা জানিয়ে বারাক ওবামা বলেন, তিনি এমন এক পানির ওপর পুষ্পস্তবক অর্পণ
করলেন, যা এখনও কাঁদে। ওই স্থান পরিদর্শনের জন্য আবেকেও স্বাগত জানান তিনি।
দুই নেতা নিহতদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানালেও জাপানের
প্রধানমন্ত্রী এ নিয়ে ক্ষমা চাইবেন না বলে আগেই জানানো হয়েছিল। ১৯৪১ সালে
জাপানের পার্ল হারবার আক্রমণে নৌঘাঁটির আট যুদ্ধজাহাজের চারটিই ডুবে যায়
এবং বাকিগুলোও ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয়
বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। হামলায় নিহতদের প্রায় অর্ধেকই ধ্বংসস্তূপের নিচে
চাপা পড়ে।

No comments:
Post a Comment