Sunday, December 25, 2016

ভারতে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অতঃপর...

বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন খোদ তার মেয়ে। ভারতের মুম্বাইয়ের ঠানেতে এমন ঘটনা ঘটে। ২০১৩ সালের আগস্ট মাসে ১৬ বছর বয়সি মেয়ে বাবার বিরুদ্ধে এমন অভিযোগ আনে। মেয়ের অভিযোগ, প্রতি রাতে মা-বাবার সঙ্গেই সে ঘুমাতো। ঘুমানোর সময়ে তার বাবা অশালীনভাবে তার গায়ে হাত দিত। বেশ কয়েকবার নিজের বাবা নাকি তাকে ধর্ষণও করেছিল। এই অভিযোগের ভিত্তিতেই ওই নাবালিকার দিনমজুর বাবাকে ২০১৪ সালের এপ্রিল মাসে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে পকসো (শিশুদের ওপর যৌন নির্যাতন বিরোধী) আইনে মামলা দায়ের করা হয়। প্রায় সাড়ে তিন বছর আদালতে মামলা চলার পরে অবশেষে মুক্তি পেলেন সেই অভিযুক্ত বাবা। চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিল মেয়ে।
জবানবন্দি দেয়ার সময়েই ওই নাবালিকা স্বীকার করে নেয়, বাবার সঙ্গে তার ঝগড়া হয়েছিল। আর প্রতিশোধ নিতেই নিজের বাবার বিরুদ্ধে এমন বীভৎস অভিযোগ এনেছিল সে। তবে ঠানে আদালত আইনের অপব্যবহারের জন্য নাবালিকা হলেও ওই মেয়েটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানায়।  আদালত এক আদেশে বলেন, 'অভিযোগকারিণী যে পকসো আইনের অপব্যবহার করেছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। এই মিথ্যে অভিযোগের জন্য তার বাবাকে তিন বছরের বেশি জেলও খাটতে হয়েছে। মানসিক যন্ত্রণা, ট্রমার শিকার হতে হয়েছে।'  এ ধরনের মিথ্যা অভিযোগ যাতে ভবিষ্যতে কেউ না করতে পারে, তা নিশ্চিত করতে অভিযোগকারীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ঠানে আদালত। মেয়ের বিরুদ্ধে ১৮৬০ সালের আইন অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির ১৯১ ধারায় মামলায় দায়ের করা হতে পারে। এবং প্রায় ৭ বছর পর্যন্ত জেলও হতে পারে তার। তবে, অভিযোগ করার সময় অভিযোগকারী যেহেতু নাবালিকা ছিল, সেদিকটাও বিচার করা হচ্ছে বলে জানানো হয়েছে। ওই অভিযোগকারীর কী শাস্তি হয়, এখন সেটাই দেখার বিষয়।

No comments:

Post a Comment