রাশিয়ার
প্রচণ্ড বিমান হামলার মুখে সিরিয়ার প্রাচীন ঐতিহ্যবাহী পালমিরা শহর থেকে
যোদ্ধা প্রত্যাহার করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান
রাইটসের দাবি, রোববার ভোরে রুশ বিমান হামলার মুখে আইএস জঙ্গিরা সরে যেতে
বাধ্য হয়।
খবর এএফপি, রয়টার্স, বিবিসির। এরআগে প্রায় নয় মাস পর শনিবার
সরকারি বাহিনীকে হটিয়ে ফের পালমিরার দখল নেয় আইএস। এর কয়েক ঘণ্টার মাথায়
রুশ বিমান হামলা শুরু করে। পর্যবেক্ষক গোষ্ঠীর প্রধান রামি আবদেল রহমান
বলেছেন, 'পালমিরা পুনর্দখলে নেয়ার পর গত রাত থেকে রাশিয়া প্রচণ্ড বিমান
হামলা চালায়। হামলার মুখে আইএস শহরটি ছাড়তে বাধ্য হয়।' তিনি আরও বলেন,
পালমিরায় রাশিয়ার চালানো বিমান হামলায় আইএসের বিপুলসংখ্যক যোদ্ধা নিহত
হয়েছে। তবে এই সংখ্যা কত, তা জানাতে পারেননি রামি আবদেল রহমান।
পর্যবেক্ষকরা বলছেন, শনিবার পালমিরা পুনর্দখলে নেয়ার সময় কেন্দ্রে সরকারি
বাহিনীর সঙ্গে ভারী লড়াই করে আইএস। সে সময় বেশিরভাগ সরকারি সৈন্য পালিয়ে
যেতে বাধ্য হয়।
চলতি বছরের মার্চে রাশিয়ান সেনাবাহিনীর সহায়তায় আইএসের
দখল থেকে মরু শহর পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল সিরিয়ার সরকারি বাহিনী।
এরপর এ ঘটনাকে আইএসের বিরুদ্ধে বড় ধরনের বিজয় বলে বর্ণনা করেছিল সরকারি
বাহিনী। পালমিরা পুনর্দখলের পর আলেপ্পো আর দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত
এলাকার দিকে অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী। এরই সুযোগে এক সপ্তাহ
আগে থেকে পালমিরায় দখলে নামে আইএস। আইএসের এই পালমিরা দখল অভিযানে অন্তত
৫০ জন সামরিক সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। কাছের তেল ক্ষেত্রগুলোর
নিয়ন্ত্রণ আর সরবরাহ পথের ওপর হওয়ার কারণে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ
পালমিরা শহরটি।

No comments:
Post a Comment