Wednesday, December 21, 2016

মেক্সিকোয় ক্রিসমাসের আতশবাজি বিস্ফোরণ: নিহত বেড়ে ২৯

মেক্সিকোতে খ্রিস্টান সম্প্রদায়ের ক্রিসমাস উৎসবের মজুদ করে রাখা আতশবাজি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।  স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩২ কিমি উত্তরে 'সান পাবলিতো' নামে আতশবাজির মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।
খবর বিবিসি ও রয়টার্সের। মেক্সিকো রাজ্যের টুলটেপেক শহরের গভর্নর ইরুভিয়েল আভিলা বলেন, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৯ জন মারা গেছে। এর মধ্যে  তাৎক্ষণিকভাবে মার্কেটেই মারা যান ২৬ জন। পরে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আরও তিন জন মারা যান। তিনি আরও বলেন, বিস্ফোরণে শরীরের ৯০ ভাগেরও বেশি দগ্ধ হয়েছে এমন ১৩টি শিশুকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গালভেস্টন শহরে পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চাচ্ছেন। ঘটনাস্থলে রেড ক্রসের ২৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। জানা গেছে, সান পাবলিতো মার্কেটে ছয়টি পৃথক দুর্ঘটনা ঘটেছে। এতে মার্কেটটির তিনশ' দোকানের ৮০ ভাগই পুড়ে গেছে। এঘটনায় মেক্সিকোর ফেডারেল অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তদন্ত শুরু করেছে। উল্লেখ, মঙ্গলবারের ঘটনাসহ সান পাবলিতো মার্কেটে গত এক দশকে তিনটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

No comments:

Post a Comment