Sunday, December 4, 2016

নাসিরনগরের হামলা বিচ্ছিন্ন ঘটনা : পবিত্র কর

ভারতের ত্রিপুরা রাজ্যের ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লিতে যে হামলা হয়েছে সেটি বিচ্ছিন্ন ঘটনা। এমন বিচ্ছিন্ন ঘটনা আমাদের দেশেও (ভারত) ঘটছে। রোববার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পবিত্র কর এসব কথা বলেন। পবিত্র কর বলেন, নাসিরনগরের হামলার ঘটনা বাংলাদেশের কোনো দলতো সমর্থন করেনি। এ ঘটনার প্রতিবাদ হয়েছে। ঘটনার পর প্রশাসনসহ বিভিন্ন দলের লোকজন ক্ষতিগ্রস্তদের কাছে গিয়েছেন।
তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের বসবাসের মতো পরিস্থিতি নাসিরনগরে আছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক টেনে তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু বন্ধুত্বপূর্ণ নয়, এটি আত্মীয়তার সম্পর্ক। এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমাদের দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান আরও বাড়াতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে ফেনসিডিল বেআইনি। এটা কোনো ওষুধের কাজে লাগে না। ত্রিপুরায় ফেনসিডিলের কোনো কারখানাও নেই। তবে ত্রিপুরার কিছু জায়গায় গাঁজা চাষ হয়। গত বছর আমরা প্রায় ১০ কোটি টাকার গাঁজা নষ্ট করেছি। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু প্রমুখ।

No comments:

Post a Comment