Saturday, December 24, 2016

রুশ রাষ্ট্রদূত হত্যা তদন্তের অগ্রগতি পুতিনকে জানালেন এরদোগান

তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোগান আংকারায় নিযুক্ত রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতির বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করেছেন। শুক্রবার পুতিন-এরদোগানের মধ্যে ফোনালাপকালে এ অগ্রগতির কথা জানানো হয়। গত সোমবার আংকরায় একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত কারলভকে গুলি করে হত্যা করে তুর্কি দাঙ্গা পুলিশের সদস্য মেভলুত মের্তে আতিনতাস। কারলভকে বৃহস্পতিবার মস্কোতে সামরিক মর্যদায় সমাহিত করা হয়েছে। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে,
রাষ্ট্রদূত হত্যার তদন্ত কিভাবে চলছে তা পুতিনকে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। রুশ ও তুর্কি আইনশৃংখলা বাহিনী এবং গোয়েন্দাদের নিবিড় সহযোগিতার মধ্য দিয়ে তদন্তকাজে চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দুই দেশের প্রেসিডেন্ট সিরিয়ার আলেপ্পো শহরের যুদ্ধের অবসানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ অবসানের মধ্য দিয়ে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে সিরিয়ার সব অঞ্চলেই সংঘাতের অবসান ঘটবে এবং রাজনৈতিক সমাধান সম্ভব হবে। এর আগে শুক্রবার সকালের দিকে রুশ সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, আলেপ্পোতে রাশিয়া এক ব্যাটালিয়ন মিলিটারি পুলিশ মোতায়েন করেছে। এই ব্যাটালিয়নটি আইনশৃংখলা রক্ষার কাজে স্থানীয় কর্মকর্তাদের সহযোগিতা করবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে আরআইএ সংবাদ সংস্থা।

No comments:

Post a Comment