Sunday, December 11, 2016

জাপানের কুকুর উপহার ফেরত দিলেন পুতিন

জাপান সরকারের পক্ষ থেকে কুকুর উপহারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির। জাপানের এমপি কোইচি হাগুইদা বলেছেন, 'পুতিন কেন এই উপহার প্রত্যাখ্যান করলেন, তা আমি জানি না।' অথচ পুতিনের কুকুরপ্রীতির কথা সবারই জানা। তার কাছে কয়েক প্রজাতির কুকুরও রয়েছে, যার বেশিরভাগই উপহার পেয়েছেন তিনি। ২০১২ সালে জাপান পুতিনকে দেশটির দক্ষিণাঞ্চলের পাহাড়ি কুকুর আকিতা উপহার দেয়। মেয়ে কুকুরটির নাম ছিল ইউমে। সেটি এখনও পুতিনের কাছে রয়েছে। ইউমের সঙ্গী হিসেবেই শনিবার আরেকটি আকিতা উপহার দেয়ার প্রস্তাব করে জাপান।
কিন্তু পুতিন সে প্রস্তাবে রাজি হননি। জাপানি এমপি হাগুইতা ব্লগে লেখেন, 'আমরা আশা করেছিলাম ইউমের সঙ্গী হিসেবে আরেকটি আকিতা নেবেন পুতিন। কিন্তু তারা হতাশ হয়েছেন।' তিনি বলেন, 'রাজি হলে আগামী সপ্তাহে এক সম্মেলনে পুতিনকে আকিতাটি উপহার দিতেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে।' ইউম ছাড়াও পুতিনের বুলগেরিয়ান একটি ছেলে শেপার্ড আছে। তিনি সেটিকে বাফি নামে ডাকেন। ২০১০ সালে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী পুতিনকে ওই কুকুরটি উপহার দিয়েছিলেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ প্রজাতির কুকুর লেব্রাডরও ছিল পুতিনের। তার নাম ছিল কনি। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু পুতিনকে ওই লেব্রাডর উপহার দেন। ২০১৪ সালে সেটি মারা যায়। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে এক বৈঠকে কনিকে একবার সঙ্গে এনেছিলেন পুতিন। মেরকেল কুকুর ভয় পান। সে সময় গণমাধ্যমের কয়েকটি খবরে বলা হয়েছিল, মেরকেলকে ভয় দেখাতেই কুকুর নিয়ে গিয়েছিলেন পুতিন। তবে চলতি বছরের শুরুতে জার্মান এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে পুতিন জানান, তিনি মেরকেলের কুকুর ভীতির কথা জানতেন না। এ ঘটনার জন্য পুতিন অবশ্য মেরকেলের কাছে দুঃখপ্রকাশ করেছিলেন।

No comments:

Post a Comment