Sunday, December 25, 2016

সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে 'সন্ত্রাসবাদের তদন্ত'

তুরস্কে সামাজিক যোগাযোগ ব্যবহারকারী এমন ১০ হাজার জনের বিরুদ্ধে তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ। সরকার বলছে, তদন্তের আওতায় আনা এসব সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ আনা হয়েছে। গত ছয় মাসে অভিযুক্তদের মধ্যে ৩ হাজার ৭১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৬৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসি। দেশটির কর্তৃপক্ষ বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে অনলাইনে সরকারি কর্মকর্তাদের অপমাণ করা অথবা তাদের ভাষায়, 'সন্ত্রাসবাদ সম্পর্কিত কর্মকাণ্ডের' অভিযোগ আনা হয়েছে।
প্রায়ই টুইটার বা ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে এর ব্যবহারকারীদের প্রবেশ বন্ধ করে দেয় তুরস্ক সরকার। বিশেষ করে বোমা হামলার পর এটি বেশি হচ্ছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে, এসব ব্ল্যাকআউটগুলো হিসাব-নিকাশ করেই করা হয় এবং জঙ্গি প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করার উদ্দেশ্যে এগুলো নকশা করা হয়েছে। অবশ্য তুরস্ক সরকার এটি অস্বীকার করেছে এবং অতীতে কোনো বড় ঘটনার পর ইন্টারনেটে এ ধরনের ব্ল্যাকআউটের জন্য অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কথা জানিয়েছে। প্রসঙ্গত, গত সোমবার আঙ্কারায় রুশ রাষ্ট্রদূতকে গুলি চালিয়ে হত্যা করে এক পুলিশ কর্মকর্তা। রুশ রাষ্ট্রদূতকে হত্যার পরও ইন্টারনেট সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটে।

No comments:

Post a Comment