রাজশাহীর
গোদাগাড়ীতে মোটর শ্রমিক অফিসে সন্ত্রাসী হামলা চালিয়ে একজনকে গুরুতর জখম ও
শ্রমিক অফিস ভাংচুর করেছে যুবলীগ। এ ঘটনায় যুবলীগের পাঁচ নেতাকর্মীর
বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ রোববার রাতে এ ঘটানায় জেয়াদ নামের এক
যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে। এদিকে ঘটনার মুলহোতা গোদাগাড়ী পৌর যুবলীগের
সহ-সভাপতি নাসিমকে গ্রেফতার করতে রাতে তার বাড়িসহ একাধিক স্থানে অভিযান
চালিয়েছে পুলিশ। পুর্ব শক্রতার জের ধরে এ হামলা বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, রোববার রাত আনুমানিক ৯টার দিকে গোদাগাড়ী পৌর যুবলীগের সহ-সভাপতি
নাসিমের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা ডাইংপাড়া মোড়ে অবস্থিত মোটর শ্রমিক
ইউনিয়নের একটি অফিসে হামলা চালিয়ে অফিসের জিনিসপত্র ভাংচুর করে। বাধা দিলে
এক পর্যায়ে মতিউর রহমান নামের একজন শ্রমিক নেতার ওপর হামলা করে তাকে
রক্তাক্ত জখম করে তারা। এদিকে চিৎকার শুনে লোকজন ছুটে আসলে হামলাকারীরা
পালিয়ে যায়। পরে আহত মতিউর রহমানকে উদ্ধার করে গোদাগাড়ী স্বাস্থ্য কেন্দ্রে
ভর্তি করা হয়। হামলায় মতিউর রহমানের মাথা ফেটে গেছে বলে পুলিশ জানিয়েছে। এ
ঘটনায় রাতেই মতিউর রহমান বাদী হয়ে যুবলীগ নেতা নাসিম, জেয়াদ, আনারুল, বাবু
ও কালুকে আসামি করে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ রাতে জেয়াদকে তার
বাড়ি থেকে গ্রেফতার করেছে। গোদাগাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সি জানান,
হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা
অব্যাহত রয়েছে।

No comments:
Post a Comment