Sunday, December 4, 2016

নিঃশর্ত ক্ষমা চেয়ে চাঁপাইনবাবগঞ্জের এসপির আবেদন

বিচার বহির্ভূত হত্যা নিয়ে উস্কানিমুলক বক্তব্য দেয়ায় আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম। রোববার সকালে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে একটি আবেদন করেছেন। আজই তার আবেদনের শুনানির কথা রয়েছে বলে জানান এসপি মোজাহিদুল ইসলামের আইনজীবী শফিক আহমেদ। এর আগে গত ২৭ নভেম্বর একই বেঞ্চ চাঁপাইনবাবগঞ্জের এসপি মোজাহিদুল ইসলামকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে একটি অনুষ্ঠানে এসপি মোজাহিদুল ইসলাম সাধারণ মানুষের উদ্দেশে বলেন,' ডাকাত ধরতে পারলে পিষে মেরে ফেলুন।' ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল ওদুদ। এ বিষয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোজাহিদুল ইসলামকে আদালতে তলবের আদেশ দেন। সেই পরিপ্রেক্ষিতে এসপি মোজাহিদুল ইসলাম আজ আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে একটি আবেদন করেন।

No comments:

Post a Comment