Wednesday, December 14, 2016

সমকামিতার মামলায় আনোয়ার ইব্রাহিমের রিভিউ খারিজ

সমকামিতার মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বুধবার মালয়েশিয়ার প্রধান বিচারপতি জুলকিফল আহমেদ মাকিনউদিনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল আদালত সর্বসম্মতিক্রমে এ রায় দেন। এ রায়ের ফলে কারাগারে বন্দি ৬৯ বয়সী রাজনীতিক আনোয়ার ‌ইব্রাহিম আর মুক্তি পাচ্ছেন না।
তাকে পাঁচ বছর কারাদণ্ডের আরও বাকি ১৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকারের উপ-প্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার ইব্রাহিম। ৯০ 'র দশকের শেষার্ধে সরকার থেকে বরখাস্ত হওয়ার পর আনোয়ারের বিরুদ্ধে সমকামিতা এবং দুর্নীতির অভিযোগ আনা হয়। সমকামিতার অভিযোগ থেকে ২০১২ সালে হাইকোর্টের রায়ে খালাস পান আনোয়ার। তবে ২০১৩ সালের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জোটের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ায় আনোয়ারের নেতৃত্বাধীন ত্রিদলীয় জোট। তবে এ নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হন নাজিব। এরপর ২০১৪ সালে আনোয়ারের খালাসের হাইকোর্টের রায় বাতিল করে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আপিল আদালত। এ রায়ের পর থেকে কারাগারে বন্দি আনোয়ার রিভিউর আবেদনের মধ্য দিয়ে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছিল। রিভিউর রায় উপলক্ষে বুধবার আদালতে আনোয়ারের স্ত্রী, সন্তান এবং নাতি-নাতনিরা উপস্থিত হয়েছিলেন। আদালতের বাইরেও তার সমর্থকরা জড়ো হয়েছিলেন। কিন্তু তারা আশাহত হন। রিভিউ খারিজের পর আদালতে সাংবাদিকদের আনোয়ার বলেন, 'এ রায় সংগ্রামের শেষ রাস্তা নয়। আমি আদালতে নিজের নির্দোষিতা কথা পুনর্ব্যক্ত করেছি। কিন্তু আদালত আমার আবেদন গ্রহণ করেননি।' তবে মালয়েশিয়ার আলোচিত রাজনীতিক হার না মানার ইঙ্গিত না দিয়ে বলেন, 'মুক্তির পথে দীর্ঘ সফর শুরু হলো'।

No comments:

Post a Comment