Thursday, December 8, 2016

মানবতাবিরোধী অপরাধ: মৌলভীবাজারের পাঁচজনের বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। ফলে এই মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বৃহস্পতিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ এবং আটকে রেখে নির্যাতনের পাঁচটি অভিযোগ আমলে নিয়ে আগামী ১৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য্য করা হয়েছে। পাঁচ আসামির মধ্যে ইউনুছ আহমদ, ওজায়ের আহমদ চৌধুরী গ্রেফতার আছেন। বাকি তিন আসামি সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী এবং মোবারক মিয়া পলাতক রয়েছেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন সুলতান মাহমুদ সিমন। তাকে সহযোগিতা করেন প্রসিকিউটর আবুল কালাম ও রেজিয়া সুলতানা চমন।
গ্রেফতার দুই আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন। ২০১৪ সালের ১২ অক্টোবর এই পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে গত জানুয়ারিতে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা পড়ে। ২০১৫ সালের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে (৬০) মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুছ আহমদকে (৭০) তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। ২৬ মে এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিদের মধ্যে সামছুল হোসেন তরফদার একাত্তরে আল-বদর বাহিনীর এবং নেছার আলী রাজাকার বাহিনীর স্থানীয় কমান্ডার ছিলেন। বাকি তিনজন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন যুদ্ধাপরাধে লিপ্ত হন। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার পর অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ২ নভেম্বর অভিযোগ গঠন শুনানি শেষে ৮ ডিসেম্বর আদেশের জন্য রাখা হয়। সে অনুযায়ী আজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ঠিক করেন।

No comments:

Post a Comment