Sunday, December 4, 2016

ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন চাঁপাইনবাবগঞ্জের এসপি

বিচারবহির্ভূত হত্যা নিয়ে উসকানিমূলক বক্তব্যের জন্য আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোজাহিদুল ইসলাম। রোববার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর দ্বৈত বেঞ্চ তাকে অব্যাহতি দেন। এর আগে সকালে এসপি মোজাহিদুল আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে তার আইনজীবী শফিক আহমেদ সাংবাদিকদের জানান, নিঃশর্ত ক্ষমার আবেদনের শুনানি গ্রহণ করে আদালত মোজাহিদুল ইসলামকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেন। তিনি বলেন, মোজাহিদুল ইসলাম এমন ধরনের কাজ আর না করার অঙ্গীকার করায় আদালত তাকে অব্যাহতি দিয়েছেন। এর আগে গত ২৭ নভেম্বর একই বেঞ্চ চাঁপাইনবাবগঞ্জের এই এসপিকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে একটি অনুষ্ঠানে এসপি মোজাহিদুল ইসলাম সাধারণ মানুষের উদ্দেশে বলেন, 'ডাকাত ধরতে পারলে পিষে মেরে ফেলুন। দায় আমি নেব।' ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল ওদুদ। এ বিষয়ে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোজাহিদুল ইসলামকে আদালতে তলব করেন।

No comments:

Post a Comment