দুই জনের বাকবিতণ্ডা থামাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. জাহাঙ্গীর (৩৮) নামে এক ব্যক্তি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী এলাকার নন্দিরহাটস্থ ফতেয়াবাদ জংশনে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া মগনামা এলাকার মো. ইয়াকুব আলীর পুত্র। পুলিশ জানায়, কিছুদিন আগে সালাউদ্দিন হেলালের নিকট থেকে দুই হাজার পাচঁশত টাকা ধার নেয়। নির্ধারিত সময়ে ধারের টাকা ফেরত না দেয়ায় তাদের মধ্যে এ নিয়ে বিবাদ চলছিল। এক পর্যায়ে সালাউদ্দিন পাওনা টাকা শনিবার সন্ধ্যায় ফতেয়াবাদ জংশনে হেলালকে ফেরত দেবে বলে জানায়। তবে সালাউদ্দিন তাকে (হেলাল)
মারধর করতে পারে এমন খবর পেয়ে সে আর পাওনা টাকা আনতে যায়নি। এদিকে হেলালকে না পেয়ে ফতেয়াবাদ জংশনে তার দুই ভাই সালমান ও বাবুকে মারতে থাকে সালাউদ্দিন ও তার সহযোগীরা।এ সময় তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসে জাহাঙ্গীর। সালাউদ্দিনের সহযোগী মো. মামুন ধারালো ছুরি জাহাঙ্গীরের পেটে ঢুকিয়ে দেয়। তাকে সহ আহত করে আরও দুইজনকে। গুরুতর আহত ৩ জনকে স্থানীয়রা চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করে। নিহত জাহাঙ্গীর নন্দিরহাটস্থ আমান ফুড নামে একটি ময়দার মিলে প্রায় ৭ বছর ধরে কাজ করে আসছিল। সে ওই এলাকার রাম ঠাকুর মন্দিরের পাশে ভাড়া বাসায় বসবাস করত। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাংগীর জানান, ছুরিকাঘাত করে পালানোর সময় স্থানীয় জনতা মামুনকে (৩০) হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। সে উপজেলার লালিয়ারহাট এলাকার মো. মোস্তফার পুত্র।

No comments:
Post a Comment