প্রায়
ছয় বছর ধরে চলা সিরীয় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়য়ের উদ্যোগে
সমঝোতামূলক সমাধান বের করার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রোমান
ক্যাথলিক গির্জার প্রধান পোপ বলেন, ‘যথেষ্ট রক্ত ঝরেছে, এবার থামুন।’
রোববার খ্রিস্টীয় ‘বড়দিন’ উপলক্ষে ভ্যাটিকানে দেয়া ভাষণে তিনি এ আহ্বান
জানান। ভাষণে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার ঘৃণা এবং প্রতিশোধের ধারা
ত্যাগেরও আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির। ভ্যাটিকানের সেন্ট পিটার্স
স্কয়ারে জড়ো হওয়া লাখো ক্যাথলিক পুণ্যার্থীর উদ্দেশে দেয়া ভাষণে পোপ বলেন,
‘সিরিয়ার যুদ্ধ এবার শেষ হওয়া উচিত। এত রক্তপাত আমায় ব্যথিত করে।’
বড়দিন
সবার জন্য সৌভাগ্য বয়ে আনবে বিশেষ করে শরণার্থী, অভিবাসী এবং বঞ্চিত
মানুষের জন্য শান্তি কামনা করেছেন পোপ। তিনি বলেছেন, ইসরাইল ও ফিলিস্তিনকে
অবশ্যই একসঙ্গে ‘ইতিহাসের নয়া অধ্যায়’ সৃষ্টি করতে হবে। ‘বড়দিনের’ আগে
বার্লিনে ট্রাক হামলাসহ ইউরোপজুড়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার কারণে
ভ্যাটিকানের সমাবেশেও নিরাপত্তাহীনতার বোধ ঘিরে রেখেছিল। অনুষ্ঠান চলাকালে
ভ্যাটিকানজুড়ে কড়া নিরাপত্তা নেয়া হয়। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ওই
প্রার্থনা সভায় যারা যোগ দিতে এসেছিলেন তাদের মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে
ভেতরে প্রবেশ করতে হয়। এদিকে আবারও সিরিয়া সমস্যা নিয়ে রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান টেলিফোনে আলোচনা
করেছেন। রোববার এ দুই নেতা ফোনালাপ করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে
ক্রেমলিন। রাশিয়া সফররত কিরগিজ প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভও এ সময়
ফোনালাপে অংশ নেন।

No comments:
Post a Comment