Sunday, January 1, 2017

জামায়াত নেতার দোকানে অগ্নিসংযোগ

এমপি লিটনকে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সুন্দরগঞ্জ বাজারে জামায়াত নেতা আবদুল গফুর মণ্ডলের দুটি দোকানে অগ্নিসংযোগ করেছে। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পরপরই এমপি লিটনের বাড়ি সংলগ্ন বামনডাঙ্গা বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।
উত্তেজিত নেতাকর্মীরা হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে স্লোগান দেন। মিছিল থেকে একপর্যায়ে জামায়াত সমর্থক আবদুল গাফ্ফারের দুটি ওষুধের দোকানে অগ্নিসংযোগ করেন নেতাকর্মীরা। আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, সুন্দরগঞ্জ এবং বামনডাঙ্গা এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তবে বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাত সোয়া এগারটার দিকেও বামনডাংগা-নলডাংগা সড়কের উত্তর শাহবাজ গ্রামের এমপি মোড় ও সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা-রংপুর সড়কের বামনডাঙ্গা তিন রাস্তার মোড়, বামনডাঙ্গা উত্তর ও দক্ষিণ রেলগেটসহ সুন্দরগঞ্জ উপজেলা সদর এলাকায় বিক্ষোভ মিছিল করছেন। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান যুগান্তরকে জানিয়েছেন, এলাকায় উত্তেজনার কারণে বড় ধরনের সহিংসতা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঞ্জুরুল ইসলাম লিটন ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

No comments:

Post a Comment