Monday, January 30, 2017

আইসিসির সভায় আবারও দ্বিস্তর ক্রিকেট নিয়ে আলোচনা

আইসিসির সভায় যোগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী দুবাই যাচ্ছেন। নিজামউদ্দিন আগামীকাল এবং নাজমুল হাসান ২ ফেব্রুয়ারি সভায় যোগ দিতে ঢাকা ছাড়বেন। এবার আইসিসির সভায় মূল আলোচনার বিষয়, পাঁচদিনের টেস্ট ম্যাচ চারদিনে করা যায় কিনা। এছাড়া টেস্ট ম্যাচের আকর্ষণ কীভাবে বাড়ানো যায়, সেটা নিয়েও আলোচনা হবে। দ্বিস্তর ক্রিকেট নিয়েও সভায় নতুন করে আলোচনা হবে। কাল বিসিবি কার্যালয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘চারদিনের টেস্ট আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য সূচি। এটা এবারের সভায় আলোচনা হবে। যেহেতু এটা একটা ক্রিকেটীয় পদ্ধতি, আইসিসির একটা কমিটি আছে, তাই তারা এগুলো যাচাই-বাছাই করে।
এবার সভায় তা নিয়ে আলোচনা হবে।’ চারদিনের টেস্ট হলে সেটা কোন নিয়মে হবে বা টেস্ট খেলুড়ে দেশ বাড়তে পারে কিনা জানতে চাইলে প্রধান নির্বাহী বলেন, ‘চারদিনের টেস্ট বলতে ম্যাচটা শুধু চারদিনে কমিয়ে আনা হবে। আন্তর্জাতিকভাবে হয়তো কিছু পরিবর্তন হতে পারে।’ তিনি বলেন, ‘এগুলো সবই প্রাথমিক পর্যায়ে। ক্রিকেট কমিটিতেও এ নিয়ে আলোচনা হয়েছিল। তবে আমাদের সভায় এবারই প্রথম আলোচনায় আসবে। এখান থেকে পরবর্তী সভায় আরও বেশি আলোচনা হতে পারে।’ এদিকে অধিকাংশ দেশ এ দ্বিস্তর ক্রিকেট নিয়ে আলোচনা করতে ইচ্ছুক না হওয়ায় বেশিদূর তা গড়ায়নি। আইসিসি থেকে বিসিবির কাছে একটি চিঠি এসেছে। যেখানে বলা হয়েছে, দ্বিস্তর ক্রিকেট নিয়ে আবার আলোচনা হবে। নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘একটা প্রস্তাব এসেছে। তবে আগে দ্বিস্তরের যেমন প্রস্তাব এসেছিল তেমন কিছু না। আইসিসির এবারের সভায় আন্তর্জাতিক ক্রিকেটের গঠনতন্ত্র নিয়ে আলোচনা হবে। সে আলোচনায় টেস্ট, ওয়ানডে ও টি ২০ সব কিছুই থাকবে।’ নতুন করে দ্বিস্তর ক্রিকেট চিন্তার বিষয় কিনা জানতে চাইলে নিজামউদ্দিন বলেন, ‘এখন যে আলোচনা হচ্ছে সেটা টেস্ট ক্রিকেটকে কীভাবে আরও আধুনিক করা যায় এ নিয়ে। বিভিন্ন অপশন নিয়ে কথা হচ্ছে, ভাবা হচ্ছে আরও টেস্ট দল যোগ করা যায় কিনা।’

No comments:

Post a Comment