ঘন
কুয়াশার কারণে নতুন বছরের সূর্যের আলোর দেখা মেলেনি পদ্মা নদীর অববাহিকায়।
কুয়াশায় আচ্ছন্ন এখনও নৌরুট। যে কারণে চালু হয়নি পাটুরিয়া-দৌলতদিয়া রুটের
ফেরি চলাচল। ঘন কুয়াশায় শনিবার দিবাগত রাত ১২টা থেকে পাটুরিয়া- দৌলতদিয়া
রুটের ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। ফলে এই রুট হয়ে দেশের দক্ষিণ ও
পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।
রোববার সকাল
৯টা পর্যন্ত পদ্মার দুপ্রান্তে শত শত যানবাহনে হাজার হাজার যাত্রী আটকে
রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক
(বাণিজ্য) মহিউদ্দিন রাসেল। তিনি জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া-
দৌলতদিয়ার পদ্মার অববাহিকায় ঘন কুয়াশা বাড়তে থাকে। কুয়াশার প্রকোপ এতোটাই
বেশী যে নিকটবর্তী কোনও কিছুই যেন দেখা কষ্ট সাধ্য ছিল। দুর্ঘটনা এড়াতে
অবশেষে ফেরিচলাচল বন্ধ রাখা হয়। ফেরি সংশ্লিষ্ট সূত্র মতে, রাত ১২টা দিকে
কুয়াশার জালে মাঝ পদ্মায় আটকে পরে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী ফেরি
হাসনা হেনা, চন্দ্র মল্লিকা আর গোলাম মওলা নামের তিনটি ফেরি। একইভাবে
পাটুরিয়া ঘাটে ৮টি ফেরি যানবাহন বোঝাই করে নোঙর করে আছে। অন্যদিকে রাজবাড়ীর
দৌলতদিয়া ঘাটে আরো ৫টি ফেরি কুয়াশার কারণে নোঙর করে আছে। শনিবার দিবাগত
রাতে আসা কয়েক শত যাত্রীবাহী কোচে হাজার হাজার যাত্রী পদ্মা নদীর মাঝখানে
আর ঘাটের দুপ্রান্তে ফেরি পারের অপেক্ষায় আটকে আছে। ফেরি সেক্টরে ওই
দায়িত্বশীল কর্মকর্তা জানান, কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হবে।
দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায়
হাজারো যানবাহনের জট লেগে আছে।

No comments:
Post a Comment