চাঞ্চল্যকর
সাত খুনের মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘আজ মহামান্য আদালতে যে রায়
ঘোষণা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। আমি মনে করি এ রায়ে এটাই প্রমাণিত যে,
দেশের বিচার বিভাগ সুষ্ঠু রয়েছে।
আমি আশা করব উচ্চ আদালতেও যেন এই রায় বহাল
রেখে দোষীদের দ্রুত সাজা কার্যকর করা হয়। তবে ৩৫ জন আসামির মধ্যে সবার
মৃত্যুদণ্ড হলে আরও বেশি খুশি হতাম। কোনো অপরাধী যদি মনে করেন তিনি আইনের
ঊর্ধ্বে, সেটা তার ভুল। আইন ও বিচার সবার জন্য সমান। তিনি বলেন, আমি কতটুকু
সার্থক তা বিবেচনার দায়িত্ব আপনাদের ওপর। এমন হত্যার প্রতিবাদে যদি
সামাজিক আন্দোলন গড়ে না তুলতাম তবে মানুষগুলো বিচার চাওয়ার সাহস হয়তো পেত
কিন্তু ন্যায়বিচায় ব্যাহতও হতে পারত। সাখাওয়াত বলেন, আমি হত্যার শিকার
পরিবারগুলোর পাশে থেকে তাদের ন্যায়বিচার পেতে সহযোগিতা করেছি মাত্র। আইন
তার নিজস্ব গতিতে আসামিদের অপরাধ শনাক্ত করতে পেরে তাদের ফাঁসিসহ বিভিন্ন
মেয়াদে সাজা দিয়েছেন। বাদীরাও এ রায়ে খুশি। রায়ে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা
কিছুটা হলেও প্রতিফলিত হয়েছে। এখন রায়ের বাস্তবায়নের অপেক্ষা করব আমরা।
দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাধারণ
মানুষও। রায়কে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই আদালতের গেটের সামনে ভিড়
জমাতে থাকেন উৎসুক জনতা। রায় শোনার পর তারা আনন্দ-উল্লাস শুরু করেন।
এ সময়
?তাদের চোখে-মুখে ছিল তৃপ্তির ছাপ ও কণ্ঠে স্বস্তির সুর। রায়কে কেন্দ্র করে
সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আসা বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, রায়ে আমরা
সবাই খুশি। এটা নারায়ণগঞ্জের আলোচিত ঘটনা। ওই ঘটনার পর সবাই ছি ছি করেছেন।
নূরের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। তারা আরও বলেন, যুদ্ধাপরাধীদের যেভাবে
সাজা কার্যকর হয়েছে, ঠিক সেভাবেই এই ৭ খুনের আসামিদের সাজা কার্যকর হবে-
এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করব হাইকোর্টেও এ রায় বহাল থাকবে। কারণ
দ্রুত রায় কার্যকর করে নারায়ণগঞ্জবাসীর কলঙ্কমোচন হবে এমন প্রত্যাশা
আমাদের। অপরদিকে রায় নিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাড. ওয়াজেদ আলী
খোকন বলেন, ‘আমরা মহামান্য আদালতে এই হত্যাকাণ্ডের ঘটনায় সমস্ত
সাক্ষ্য-প্রমাণ সুন্দরভাবে পেশ করতে সক্ষম হয়েছিলাম। যার ফলে অত্যন্ত
নির্ভুল ও গ্রহণযোগ্য একটি রায় আজ ঘোষণা করা হয়েছে। উচ্চ আদালতেও এই রায়
বহাল থাকবে বলে আমার প্রত্যাশা।’

No comments:
Post a Comment