Saturday, January 14, 2017

ধন্যবাদ দাতাদের চমকে দিলেন মিশেল ওবামা!

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার মেয়াদ শেষ হচ্ছে আর কয়েক দিন পর৷ সেই সঙ্গে ফার্স্ট লেডি হিসেবে মিশেল ওবামার দায়িত্বেরও সমাপ্তি ঘটতে যাচ্ছে৷ গত আট বছরে মিশেল ওবামা অনেকের কাছে রোল মডেল হয়ে উঠেছিলেন৷ সব বয়সের মানুষই তাকে পছন্দ করেছেন৷ জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিমি ফ্যালন তার অনুষ্ঠান ‘টুনাইট শো’-তে প্রচারের জন্য কয়েকজন সাধারণ মার্কিন নাগরিককে মিশেল ওবামার জন্য ধন্যবাদ সম্বলিত বক্তব্য রেকর্ড করার অনুরোধ করেছিলেন৷
আগ্রহী ব্যক্তিদের স্টুডিওতে মিশেল ওবামার ছবির সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল৷ তবে ধন্যবাদ দিতে আগ্রহীরা জানতেন না, যে ঘরে বক্তব্য রেকর্ড হচ্ছে তার পাশের ঘরেই আছেন স্বয়ং মার্কিন ফার্স্ট লেডি৷ প্রত্যেকের বক্তব্যের শেষে তিনি সবার সঙ্গে দেখা করেছেন৷ ধন্যবাদ দেয়া ব্যক্তিদের মধ্যে মিশেলের একজন সহপাঠীও ছিলেন৷ তার বক্তব্যে শেষে মিশেল তাকে ‘প্রিন্সটন’ নামে ডেকে জড়িয়ে ধরেন৷ প্রিন্সটন তার বক্তব্যে গত আট বছরে ফার্স্ট লেডি হিসেবে মিশেলের কাজের প্রশংসা করেন৷ তিনি (মিশেল) সকলের জন্য রোল মডেল হয়ে উঠেছিলেন বলেও মনে করেন প্রিন্সটন৷ অন্য আরেক নারী বলেন, মর্যাদা, সমবেদনা আর শ্রদ্ধার মাধ্যমে যে, সব সমস্যার সমাধান করা যেতে পারে, মিশেল তা দেখিয়েছেন৷ আরেকজন বলেন, ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে কোনো একদিন কাজ করার ইচ্ছে ছিল তার৷ এই কথা শুনে মিশেল পাশের ঘর থেকে বেরিয়ে এসে ঐ নারীকে জড়িয়ে ধরেন৷ মেয়ের কাছে রোল মডেল হয়ে ওঠায় মার্কিন ফার্স্ট লেডিকে ধন্যবাদ জানান এক পিতা৷ তিনি বলেন, মিশেলের কারণেই তাঁর মেয়ে সবজি খাওয়া শুরু করেছে৷

No comments:

Post a Comment