Monday, January 23, 2017

‘আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়েছে বেহিসাবি যুদ্ধের জন্য’

মার্কিন অর্থনীতি যে আজ নিম্নমুখী, তার দায় ভ্রান্ত মার্কিননীতির উপরেই চাপালেন জনপ্রিয় চীনা ই-কমার্স সাইট আলিবাবা-র প্রতিষ্ঠাতা জ্যাক মা৷ তিনি প্রশ্ন তুলেছেন, গত ৩০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত ১৩টি যুদ্ধে ১৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি খরচ করেছে৷ তারপর আমেরিকার বাণিজ্যে ধস নামলে কেন চীনকে দোষারোপ করা হবে?
আমেরিকার পক্ষে এই সময় জ্যাক মা-র এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ কারণ, সদ্য মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসের দখল নিয়েই হুমকি দিয়েছেন, চীনা পণ্যতে আমেরিকা ছেয়ে যেতে দেবেন না৷ বেইজিং বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না বলেও চীনকে সতর্ক করে দিয়েছেন ট্রাম্প৷ পাল্টা হুমকি দিয়েছে বেইজিংও৷ এই প্রেক্ষাপটে জ্যাকের বক্তব্য আমেরিকার অর্থনীতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ জ্যাক মা জানিয়েছেন, ওয়াশিংটন দায়িত্বজ্ঞানহীনের মতো যুদ্ধ ঘোষণা করে মার্কিন অর্থনীতিকে দুর্বল করে তুলেছে৷ এর পিছনে চীনের কোনো হাত নেই৷ তবে এখনই বাণিজ্যিক ইস্যুতে আমেরিকা ও চীন সরাসরি সংঘাতে যাবে না বলেও জানিয়েছেন জ্যাক৷ তিনি আশা প্রকাশ করেছেন, ট্রাম্প উদার মানসিকতার ব্যক্তি৷ তাকে আরো সময় দিতে হবে৷ আমেরিকায় ১০ লাখ চাকরি তৈরির আশ্বাস দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা৷

No comments:

Post a Comment