বাংলাদেশ
ক্রিকেট লীগের (বিসিএল) লংগার ভার্সনে বর্তমান চ্যাম্পিয়ন প্রথমদিনেই
ওয়ালটন মধ্যাঞ্চল অলআউট হয়েছে ২২৪ রানে। গত আসরের রানার্সআপ ইসলামী ব্যাংক
পূর্বাঞ্চল চারদিনের ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের প্রতিপক্ষ। প্রথমদিন পাঁচ
উইকেট পেয়েছেন পূর্বাঞ্চলের পেসার আবু জায়েদ রাহি। জবাবে কোনো উইকেট না
হারিয়ে পূর্বাঞ্চল করেছে ৯৫ রান।
সিলেটে অপর ম্যাচে প্রাইম ব্যাংক
দক্ষিণাঞ্চলের বিপক্ষে মন্থর ব্যাটিং করেছে বিসিবি উত্তরাঞ্চল। দিনশেষে ৯৩
ওভারে তিন উইকেট হারিয়ে তারা ২১০ রান তুলেছে। বগুড়ায় টস হেরে ব্যাট করতে
নামা মধ্যাঞ্চলের ওপেনার শামসুর রহমানকে শুরুতেই ফিরিয়ে দেন এবাদত হোসেন।
এরপর আবু জায়েদ রাহির বলে দ্রুত আরও দুটি উইকেট হারায় মধ্যাঞ্চল। ১৪০ রানে
আট উইকেট হারায় তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন পেসার মোহাম্মদ শরীফ ও
বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। নবম উইকটে এ জুটি ৭০ রান যোগ করে।
মোহাম্মদ শরীফ আউট হন ৪৪ রান করে। মোশাররফ অপরাজিত থাকেন ৪৬ রানে। ১৫.২
ওভার বোলিং করে ৩৭ রানে আবু জায়েদ নিয়েছেন পাঁচ উইকেট। ৫০টি প্রথম শ্রেণীর
ম্যাচে এ নিয়ে আবু জায়েদ নয়বারের মতো পাঁচ উইকেট পেলেন। এবাদত হোসেন ও
সাকলাইন সজীব দুটি করে উইকেট পান।
মোহাম্মদ সাইফুদ্দিন নেন একটি উইকেট।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে পূর্বাঞ্চল মাত্র ১৯
ওভারে ৯৫ রান তুলেছে। লিটন দাস ৫৯ বলে ৬০* এবং মেহেদি মারুফ ৫৭ বলে ৩২* রান
করেছেন। পূর্বাঞ্চল ১২৯ রানে পিছিয়ে। হাতে রয়েছে ১০ উইকেট। সিলেটে
হাফসেঞ্চুরি করেন জহুরুল ইসলাম ও নাঈম ইসলাম। ২০৩ বলে ৬৫ রান করা ওপেনার
জহুরুলকে ফিরিয়েছেন আবদুর রাজ্জাক। নাঈম ইসলাম ১৭৯ বলে ৫৪* রানে অপারাজিত
রয়েছেন। নাসির হোসেন করেছেন ৩৫*। জুনায়েদ সিদ্দিকীকে দুই রানে ফেরান জিয়াউর
রহমান। ১১৬ বলে ৪৩ রান করা ফরহাদ হোসেনকে ফিরিয়েছেন সোহাগ গাজী। ৯৩ ওভারের
মধ্যে দক্ষিণাঞ্চলের বোলাররা ২৩ ওভার মেডেন দিয়েছেন। সর্বোচ্চ আট ওভার
মেডেন দিয়েছেন অফ-স্পিনার সোহাগ গাজী।

No comments:
Post a Comment