Wednesday, January 18, 2017

চাঁদে পদচিহ্ন রাখা শেষ নভোচারীর মৃত্যু

চাঁদে পদচিহ্ন রাখা সর্বশেষ নভোচারী ইউজিন সারনান মারা গেছেন। অবসরপ্রাপ্ত মার্কিন এই মহাকাশ বিজ্ঞানী সোমবার ৮২ বছর বয়সে মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। তার পরিবার থেকে দেয়া ও নাসার প্রকাশ করা আরেকটি বিবৃতিতে তার মৃত্যুর কারণ হিসেবে ‘স্বাস্থ্যজনিত জটিলতার’ কথা বলা হয়েছে।
নাসা টুইট বার্তায় জানায়, এটি একটি অপূরণীয় ক্ষতি। মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, যে তিনজন ব্যক্তি চাঁদে দুইবার গিয়েছেন সারনান তাদের একজন। ১৯৩৪ সালের ১৪ মার্চ শিকাগোতে জন্মগ্রহণ করেন সারনান। চাঁদে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চাঁদের মাটিতে পা রেখেছিলেন তিনি। এরপর আর কেউ চাঁদে পা রাখেননি। ১৯৭২ সালের ১১ ডিসেম্বর অ্যাপোলো-১৭ মিশনের নভোচারী হিসেবে সারনান ও হ্যারিসন স্মিথ চাঁদে নামেন। সারনান ওই মিশনের কমান্ডার ছিলেন। তারা তিন দিন চাঁদে ছিলেন। এ সময় লুনার রোভিং ভেহিকল নিয়ে তারা চাঁদের বুকে ৩০ কিলোমিটারেরও বেশি ঘুরে দেখেন। এখন পর্যন্ত ১২ জন নভোচারী চাঁদে গিয়েছেন। তারা সবাই মার্কিন নাগরিক। তাদের মধ্যে এখনও ৬ জন জীবিত আছেন। ‘অ্যাপোলো-১৭’ মিশনের আগে ১৯৬৬ ও ১৯৬৯ সালে তিনি দুইবার মহাশূন্যে যান। প্রথমবারের মতো চাঁদে নেমে সারনান হিউস্টনের মিশন কন্ট্রোলকে বলেছিলেন, ‘অবিশ্বাস্য’। ফিরে আসার সময় মিশন কন্ট্রোলকে সারনান শেষ কথা যা বলেন- ‘ঈশ্বরের ইচ্ছায় যেমন এসেছিলাম, তেমনি চলে যাচ্ছি।
গোটা মানবজাতির জন্য আমরা শান্তি আর প্রত্যাশা নিয়ে ফিরব।’ স্মিথের পর তিনি চাঁদের মাটি থেকে মহাশূন্যযানের সিঁড়িতে পা রাখেন। এভাবে সর্বশেষ নভোচারী হিসেবে চাঁদের বুকে নিজের পদচিহ্ন রেখে আসেন তিনি। চার দশক পরও এখনও সেই পদচিহ্ন দৃশ্যমান রয়েছে। একজন যোগ্য যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পাইলট হিসেবে ১৯৬৩ সালে নাসার নভোচারী নির্বাচিত হন সারনান। সাবেক মার্কিন এই পাইলট ১৯৭৬ সালে অবসরে যান। এরপর ব্যক্তিগত ব্যবসা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন বিষয়ভিত্তিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী নাননা সারনান, এক কন্যা ও দুই সৎ-কন্যা এবং ৯ নাতি-নাতনি রেখে যান। নাসার অপর নভোচারী জন গ্লেনের মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যে সারনানের মৃত্যু হল। সারনানের পরিবার জানায়, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। এর বেশি পরিবারের তরফ থেকে আর কিছু জানানো হয়নি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে মার্কিন নভোচারী স্কট কেলি টুইট বার্তায় জানান, পথপ্রদর্শক, নৌবাহিনীর পাইলট, নভোচারী এবং বন্ধু জিন সারনানের মৃত্যুতে আমরা ব্যথিত।

No comments:

Post a Comment