Wednesday, January 11, 2017

মরক্কোয় মুখ-ঢাকা পোশাক তৈরি ও বিক্রি নিষিদ্ধ

মরক্কোয় পুরো মুখ ঢাকা থাকে এমন পোশাক তৈরি ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানিয়েছে, আফ্রিকান এ দেশটিতে সরকারিভাবে এখনো সরাসরি এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি না করা হলেও, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্যোগে এ সপ্তাহ থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। খবরে প্রকাশ, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা এলই৩৬০ নিউজ সাইটকে বোরকা নিষিদ্ধের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন। ‘ডাকাতরা এই পোশাকটি ব্যবহার করে বারবার তাদের উদ্দেশ্য সাধন করছে,’ বলেছেন ওই কর্মকর্তা। ওই নিষেধাজ্ঞার কথা জানিয়ে সোমবার ব্যবসায়ীদের কাছে চিঠি পাঠানো হয়েছে,
এতে নির্দেশনা বাস্তবায়নে তাদের ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে বলেও প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ। তবে, পুরো মুখ ও শরীর ঢেকে রাখা বোরকা মরক্কোয় বহুল ব্যবহৃত পোশাক না। অধিকাংশ নারীই হিজাব ব্যবহার করেন, এতে মুখ ঢাকা পরে না। মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদ ইসলামের মধ্যপন্থি ধারার পক্ষপাতী। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত দেশজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। নর্দান মরোক্কান ন্যাশনাল অবজারভেটরি ফর হিউম্যান ডেভেলপমেন্ট বলেছে, এই সিদ্ধান্তকে তারা সরকারের ‘খামখেয়ালিপূর্ণ’ সিদ্ধান্ত বলে বিবেচনা করছে। অপরদিকে দেশটির সাবেক পরিবার ও সমাজ উন্নয়ন মন্ত্রী নৌঝা স্কাল্লি এই সিদ্ধান্তকে ‘ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ অভিহিত করে একে স্বাগত জানিয়েছেন।

No comments:

Post a Comment