ধর্মীয়
অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো বই মেলায় প্রদর্শন ও বিক্রি থেকে বিরত থাকার
জন্য লেখক-প্রকাশকদের অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার
(ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার সকাল ১১টায় অমর একুশে বইমেলা
আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে তিনি এ কথা বলেন। ডিএমপি
কমিশনার বলেন, মেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো বই যাতে প্রদর্শন
ও বিক্রি না হয় সে বিষয়ে প্রকাশকদের সচেতন থাকতে হবে। এছাড়া বাংলা একাডেমি
কর্তৃপক্ষকেও বিষয়টি পর্যবেক্ষণ রাখতে হবে। এই দুই পক্ষ বাদে আমাদের কাছে এ
বিষয়ে অভিযোগ আসলে আমরাও বিষয়টি খতিয়ে দেখবো। তিনি বলেন, এবারের মেলায়
সুদৃঢ় নিরাপত্তা বলয় থাকবে। মেলায় প্রকাশক, লেখক ও দর্শনার্থীদের নিরাপত্তা
নিশ্চিতে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এছাড়া বাঁশ ও টিনের
নিরাপত্তা বেস্টনির চারপাশে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যরা
উপস্থিত থাকবেন। আছাদুজ্জামান মিয়া লেখক ও প্রকাশকদের নিরাপত্তার বিষয়টি
খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে বলেন, কোনো লেখক-প্রকাশক
নিরাপত্তা নিয়ে শংকায় থাকলে আমাদের সহায়তা চাইলে তাদের মেলায় আসা-যাওয়ায়
নিরাপত্তা দেয়া হবে। তিনি আরও বলেন, মেলায় ইভটিজিং, অজ্ঞান পার্টি ও
চুরি-ছিনতাইরোধে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা উপস্থিত থাকবেন। তিনি আরো
বলেন, মেলায় টিএসসি থেকে দোয়েল চত্ত্বর পর্যন্ত রাস্তা খালি থাকবে। এ
রাস্তা ও ফুটপাতে কোনো ভ্রাম্যমান দোকান ও হকার বসতে দেয়া হবে না। এছাড়া
মেলায় পর্যাপ্ত আলো ব্যবস্থাসহ অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা
জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

No comments:
Post a Comment