হাসপাতাল
থেকে ১৮ বছর আগে চুরি যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের
পুলিশ। একইসঙ্গে গ্লোরিয়া উইলিয়ামস নামের ৫১ বছর বয়সী এক মহিলা চুরির
অভিযোগে আটক করেছেন। শনিবার এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ব্রিটিশ
গণমাধ্যম বিবিসি। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া ওই শিশুটি এখন পুরো সুস্থ,
সবল ১৮ বছরের তরুণী। কামিয়াহ মবলি নামের ওই তরুণীকে ১৯৯৮ সালের জুলাই মাসে
ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের একটি হাসপাতাল থেকে জন্মের ৮ ঘণ্টা পর চুরি
করা হয়। এর ১৮ বছর পর সাউথ ক্যারোলিনা থেকে উদ্ধার করে পুলিশ। এই অপহরণের
ঘটনাটি নিয়ে এর আগে অন্তত আড়াই হাজার 'গোপন সংবাদ' যাচাই বাছাই করেছেন
তারা। কিন্তু শেষ পর্যন্ত গত বছর পাওয়া একটি 'গোপন সংবাদে' তার সত্যিকারের
সন্ধান পাওয়া যায়। পুলিশ জানায়, মবলিকে যখন অপহরণ করা হয়, তখন তার কোনো
ছবি ছিল না।
বর্ণনা শুনে শিল্পীর আঁকা একটি ছবিই ছিল ভরসা। জ্যাকসনভিলের
ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একজন স্বাস্থ্যকর্মীর ছদ্মবেশে এক মহিলা
মাত্র আট ঘণ্টা বয়সী মবলিকে জ্বরের চিকিৎসা দেয়া প্রয়োজন বলে নিয়ে যায়।
কিন্তু এরপরে আর ফিরিয়ে দেননি মিস মবলিকে। ওই সময় শিশুটির মা সানারা তার
সদ্য অপহৃত কন্যাকে উদ্ধারে তৎপর হন এবং ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক সাড়া
জাগায়। উদ্ধারের খবর জেনে মবলির জন্মদাতা-জন্মদাত্রী খুবই উল্লসিত হয়েছেন।
জ্যাকসনভিলের শেরিফ মাইক উইলিয়ামস জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে
মবলির পরিচয় নিশ্চিত করা হয়েছে। মবলি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক, ফলে
তিনি কি করবেন সেটা এখন তার উপরেই নির্ভর করবে। তিনি যখন অপহৃত হয়েছিলেন,
তখন ছিলেন সদ্যোজাত শিশু, পুরো ব্যাপারটি বুঝে উঠার জন্য তার এখন সময়
প্রয়োজন।

No comments:
Post a Comment