Saturday, January 14, 2017

গান নৃত্যের উৎসবে বিদায় পৌষ

পৌষ বিদায় নিয়েছে শুক্রবার। আজ থেকে মাঘের শুরু। পৌষের বিদায়ের দিনে শুক্রবার সকালে শুরু হয়েছে পৌষ উৎসবের। চলবে আজ রাত পর্যন্ত। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করেছে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিচালিত সঙ্গীত সংগঠন সুরের ধারা। এ উৎসবে গান, নৃত্য, কথন, নাটকসহ নানা আয়োজন রয়েছে।
শুক্রবার সকালে শিশু শিল্পীদের সঙ্গে সুরের ধারার পরিচালক শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মঞ্চে উঠে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উদ্বোধন করেন। চলচ্চিত্রের সাখে বোঝাপড়া বইয়ের প্রকাশনা উৎসব : চলচ্চিত্র নির্মাতা, লেখক ও চলচ্চিত্র সংগঠক বেলায়াত হোসেন মামুন রচিত চলচ্চিত্রগ্রন্থ ‘চলচ্চিত্রের সাথে বোঝাপড়া’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ প্রকশনা উৎসবে অতিথি ছিলেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, কথাসাহিত্যিক আহমাদ মাযহার, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক এবং গ্রন্থটির প্রকাশনা সংস্থা কথাপ্রকাশর স্বত্বাধিকারী জসিম উদ্দিন।
আগামীকাল ঢাকায় চীনা সাংস্কৃতিক দলের পরিবেশনা : গত বছর চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকালে স্বাক্ষরিত ‘২০১৭ : বন্ধুত্ব ও বিনিময়ের বছর’র সাংবাৎসরিক কার্যক্রমের প্রথম সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামীকাল। যার অংশ হিসেবে এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৩৫ সদস্যের চীনা দলটি। এ দলটি রোব ও সোমবার পর পর দুই দিন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরিবেশনায় অংশ নেবে। তাদের পরিবেশনার মধ্য থাকবে অ্যাক্রোবেটিক শো, কুংফু, নাচ ও গান। এর সঙ্গে শিল্পকলা একাডেমির একটি দলও পরিবেশনা করবে। সে সঙ্গে বাংলাদেশীরা শিল্পীরা চীনা ভাষায় সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতি সচিব আক্্তারী মমতাজ। আরও বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাং সিচাও এবং বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি দেলোয়ার হোসেন।
‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু : রাজধানীতে চলছে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার ‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক তৃতীয় ঢাকা আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন, আমেরিকান কালচারাল সেন্টার, বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সসহ মোট ৬টি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে উৎসবের চলচ্চিত্রগুলো। বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে উৎসবে। রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত ‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে বুশরা সুলতানা, সহযোগী অধ্যাপক ড. সৈয়দ শেখ ইমতিয়াজ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মতা সামিয়া জামান প্রমুখ।

No comments:

Post a Comment