Saturday, January 7, 2017

কোহলি অধিনায়ক ফিরলেন যুবরাজ

দু’দিন আগে ওয়ানডে ও টি ২০ দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন এমএস ধোনি। প্রত্যাশিতভাবেই তার স্থলাভিষিক্ত হলেন বিরাট কোহলি। শুক্রবার ভারত ওয়ানডে ও টি ২০ দলের অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। নেতৃত্ব ছাড়লেও ধোনি যথারীতি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দলে রয়েছেন। এদিকে এ মাসে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে ও টি ২০ সিরিজের জন্য দুটি দলেই ডাক পেয়েছেন যুবরাজ সিং।
আর চোট আক্রান্ত রোহিত শর্মার অনুপস্থিতিতে ওয়ানডে দলে নিজের স্থান ধরে রেখেছেন আজিংকা রাহানে। তবে টি ২০ দলে সুযোগ পাননি তিনি। তার বদলে নেয়া হয়েছে পাঞ্জাব ও রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের ব্যাটসম্যান মানদীপ সিংকে। হাতের ইনজুরি থেকে সেরে ওঠা সত্ত্বেও টেস্ট দলে জায়গা না পাওয়া শিখর ধাওয়ান রয়েছেন ওয়ানডে স্কোয়াডে। সুরেশ রায়না শুধু টি ২০ দলে ফিরেছেন। অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ঠাঁই পেয়েছেন ওয়ানডে ও টি ২০ দুই দলেই। টি ২০ ও ওয়ানডে দলে ৩৫ বছর বয়সী যুবরাজের ফেরাটাই সবচেয়ে বড় ঘটনা। যুবরাজ শেষবার ভারতের হয়ে খেলেছিলেন গত বছর মার্চে টি ২০ বিশ্বকাপে। ২০১৩’র ডিসেম্বরের পর তিনি কোনো ওডিআই খেলেননি। ২০১৬-১৭ মৌসুমে রনজি ট্রফিতে পাঞ্জাবের হয়ে পাঁচ ম্যাচে ৮৪.০০ গড়ে ৬৭২ রান করেছেন যুবরাজ। এর মধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে। বরোদার বিপক্ষে তিনি ২৬০ রানের ইনিংস খেলেন। ব্যাট হাতে দুরন্ত ফর্মই তাকে ফিরিয়েছে রঙিন পোশাকের ক্রিকেটে।
ওয়ানডে স্কোয়াড
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটকিপার), মনিষ পান্ডে, কেদার যাদব, যুবরাজ সিং, আজিংকা রাহানে, হার্দিক পান্ডিয়া, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।
টি ২০ স্কোয়াড
কেএল রাহুল, মানদীপ সিং, বিরাট কোহলি (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটকিপার), যুবরাজ সিং, সুরেশ রায়না, ঋশাভ পান্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহল, মনিষ পান্ডে, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও আশিষ নেহরা। ক্রিকইনফো।

No comments:

Post a Comment